, | |

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ, নিহত ১


চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ ও নিহত সরোয়ার হোসেন বাবলা। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৫ নভেম্বর, ২০২৫ ৮:১৬ : অপরাহ্ণ

চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ। এ সময় সরোয়ার হোসেন বাবলা নামের এক যুবক নিহত হয়েছেন।

আজ বুধবার বিকেল সোয়া ৫টার দিকে নগরীর বায়েজিদ থানার চাইল্যাতলী এলাকায় গণসংযোগের সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার মারেফুল করিম রাজনীতি সংবাদকে জানান, বায়েজিদ থানার চাইল্যাতলী এলাকায় গণসংযোগকালে বিএনপি নেতা এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে একজন মারা গেছেন।

একটি অসমর্থিত সূত্র রাজনীতি সংবাদকে জানিয়েছে, গণসংযোগকালে সরোয়ার বাবলা নামের এক যুবকের বুকে ও গলায় দুটি গুলি লাগে। তিনি মারা গেছেন। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করেনি।

এদিকে গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পেটের একপাশে গুলিবিদ্ধ হন।

গত ৩ নভেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে এরশাদ উল্লাহকে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় বায়েজিদ চাইল্যাতলী এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। গণসংযোগের সময় তিনি পথচারী ও দোকানদারদের লিফলেট বিতরণ করছিলেন। এ সময় এরশাদ উল্লার সঙ্গে থাকা সরোয়ার হোসেন বাবলা নামের এক যুবককে লক্ষ্য করে গুলি করেন সন্ত্রাসীরা। সরোয়ার বাবলার বুকে দুটি গুলি লাগে। তখন তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। এ সময় এরশাদ উল্লাহসহ আরও এক যুবক গুলিবিদ্ধ হন। বিএনপি নেতাকর্মীরা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এ ঘটনার পেছনে বিদেশে পলাতক চট্টগ্রামের অপরাধ জগতের মূর্তিমান আতঙ্ক সন্ত্রাসী সাজ্জাদ হোসেন খান (বড় সাজ্জাদ) ও কারাবন্দি সাজ্জাদ হোসেনের (ছোট সাজ্জাদ) সম্পৃক্ততা থাকতে পারে। বড় সাজ্জাদ ও ছোট সাজ্জাদের সঙ্গে সরোয়ার হোসেন বাবলার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। বায়েজিদ এলাকায় তাদের মধ্যে আধিপত্যের জেরে এ ঘটনা ঘটতে পারে।

এর আগে গত ৩০ মার্চ নগরীর বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় একটি প্রাইভেটকারে গুলি চালিয়ে সরোয়ার বাবলাকে হত্যার চেষ্টা করা হয়। ওই সময় প্রাইভেটকারে থাকা দুজন ঘটনাস্থলে মারা যান। সেদিন ভাগ্যক্রমে বেঁচে যান সরোয়ার।

আরও পড়ুন: চট্টগ্রামের ১১টি আসনে বিএনপির প্রার্থী হলেন যারা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর