ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন।
আজ শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
এর আগে গত ৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সৈয়দ মনজুরুল ইসলাম। পরে ৫ অক্টোবর সন্ধ্যায় তার অবস্থা ‘সংকটাপন্ন’ হলে তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়।
অধ্যাপক মনজুরুল ইসলামের জন্ম ১৯৫১ সালের ১৮ জানুয়ারি, সিলেটে। তিনি একাধারে শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও সাহিত্য সমালোচক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে দীর্ঘদিন শিক্ষকতা করে ২০১৮ সালে চাকরির নির্ধারিত সময় শেষ করে অবসর নেন সৈয়দ মনজুরুল ইসলাম। ২০২৩ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক করা হয়।
সাহিত্যে অবদানের জন্য ১৯৯৬ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন তিনি। এ ছাড়া তিনি ২০১৮ সালে একুশে পদকেও ভূষিত হন মনজুরুল ইসলাম।
আরও পড়ুন: ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্কের পথে শহিদুল আলম
