, | |

মূলপাতা দেশজুড়ে

সিলেট সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে মারলো বিএসএফ


বিএসএফ। ফাইল ছবি
প্রকাশের সময় :৩০ আগস্ট, ২০২৫ ৭:০৯ : অপরাহ্ণ

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাতে ঘটনাটি ঘটলেও আজ শনিবার বিকেল পর্যন্ত নিহত যুবকের মরদেহ ফেরত আনা সম্ভব হয়নি।

নিহত যুবকের নাম আব্দুর রহমান (২৫)। তিনি কানাইঘাট উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের খলিলুর রহমানের ছেলে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক এবং জুমিল আহমদ বলে জানা গেছে। তবে, তাদের বিস্তারিত পরিচয় এখনও অজানা রয়ে গেছে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার রাতে কয়েকজন যুবক চোরাচালানের কাজে ভারত সীমান্তে প্রবেশ করলে বিএসএফ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুর রহমান। নিহতের মরদেহ এখনও ভারতের ভেতরে পড়ে রয়েছে।

এ বিষয়ে কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল বলেন, খবর পাওয়ার পরই বিষয়টি খতিয়ে দেখা শুরু হয়েছে। নিহত যুবকের নাম-পরিচয় নিশ্চিত করা গেছে। মরদেহ ভারতের ভেতরে থাকায় সেটি ফেরত আনার প্রক্রিয়া চলছে এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে। নিহতের পরিবারের সঙ্গেও যোগাযোগ হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: বিএসএফকে সাইজ করার জন্য বিজিবিই যথেষ্ট

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর