রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে কক্সবাজারে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ সোমবার সকাল ১০টার দিকে তিনি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।
এর আগে গতকাল রোববার উখিয়ার ইনানীর হোটেল বেওয়াচে শুরু হয়েছে ‘টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক এ সম্মেলন। তিন দিনের এই আয়োজন যৌথভাবে করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর।
সম্মেলনে অংশ নিচ্ছেন জাতিসংঘ, বিভিন্ন দেশের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা এবং সরকারের উচ্চপদস্থ নীতিনির্ধারকরা। মূল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন এবং আন্তর্জাতিক সহযোগিতা আহ্বান করবেন।
প্রথম দিনে বিদেশি অংশীজনদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন রোহিঙ্গা প্রতিনিধিরা। এতে অংশ নিয়েছেন ৪০টি দেশের প্রতিনিধি, জাতিসংঘ এবং রোহিঙ্গা ইস্যুতে কাজ করা বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।
সম্মেলনে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের কার্যকর পথ খুঁজে বের করা ছাড়াও আন্তর্জাতিক তহবিল, গণহত্যার বিচার, খাদ্য সহায়তা ও রোহিঙ্গাদের মনোবল বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে জোর দেওয়া হচ্ছে।
২৪ আগস্ট শুরু হওয়া সম্মেলন চলবে ২৬ আগস্ট পর্যন্ত। আজ দুপুর ১টার পর কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।
তিন দিনের এ সম্মেলনের শেষ দিন আগামীকাল মঙ্গলবার বিদেশি অতিথিরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
জানা গেছে, ৩০ সেপ্টেম্বর সবচেয়ে বড় সম্মেলনটি হবে জাতিসংঘে। সেখানে ১৭০টি দেশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। তারপর কাতারের দোহাতে আরেকটা বড় সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সরকার।
উল্লেখ্য, রোহিঙ্গা ইস্যুটিকে খুব গুরুত্ব দিয়ে দেখছে অন্তর্বর্তী সরকার। গত রমজানে জাতিসংঘ মহাসচিবকে নিয়ে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্প সফর করেন। সে সময় প্রধান উপদেষ্টা বলেছিলেন, আগামী ঈদ যেন রোহিঙ্গারা তাদের দেশে উদযাপন করতে পারে। সেই আলোকে রোহিঙ্গা সংকট যাতে আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হয় সেজন্য তিনটি আন্তর্জাতিক সম্মেলন করার পরিকল্পনা নেওয়া হয়।
আরও পড়ুন: পুরোনো সম্পর্ক পুনরুজ্জীবিত করা নিয়ে আলোচনা
