চারদিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে তিনি ঢাকা সফরে এসেছেন।
গতকাল বুধবার রাতে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তাকে স্বাগত জানান। এসময় বাণিজ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র চিহ্নিতকরণ এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বর্তমান বাণিজ্য সম্ভাবনা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়গুলো এই সফরের কেন্দ্রবিন্দুতে থাকবে।
পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সফরের মূল লক্ষ্য দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করা এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা।
সফরকালে জাম কামাল খান বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এছাড়া তিনি সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং ব্যবসায়ী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।
আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্যের সুযোগ বৃদ্ধি, নতুন বিনিয়োগ খাত চিহ্নিত করা এবং বিদ্যমান বাধা দূর করার বিষয়গুলো গুরুত্ব পাবে।
জাম কামাল খান ২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন। সফরকালে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে, যা দুই দেশের বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে সহায়ক হবে। এ সময় সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি ছাড়াও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি সফরের অংশ হিসেবে তিনি চট্টগ্রাম বন্দর, একটি ওষুধ শিল্প প্রতিষ্ঠান ও ইস্পাত কারখানা পরিদর্শন করবেন।
আরও পড়ুন:
ভারতে আ.লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধের অনুরোধ বাংলাদেশের
গণহত্যাকারী হিসেবে পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম
