সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জঙ্গি নাটক সাজিয়ে গাজীপুরের জয়দেবপুরে ২০১৬ সালে ৭ জনকে হত্যার ঘটনায় তাদের নামে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আজ সোমবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই পরোয়ানা জারি করেন।
আদালত সূত্রে জানা গেছে, ওই অভিযানে নিহতদের পরিবার শুরু থেকেই বলে আসছিলেন, এটি ছিল ‘একটি সাজানো জঙ্গি অভিযান’। পরবর্তীতে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে উঠে আসে একাধিক প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, তথ্য গোপন এবং হত্যাকাণ্ডের ইঙ্গিত।
রাষ্ট্রপক্ষ থেকে ট্রাইব্যুনালে বলা হয়, ২০১৬ সালে মাদ্রাসা পড়ুয়া সাতজন ছাত্রকে গুম করা হয়। পরে গাজীপুরের জয়দেবপুরে একটি বাড়িতে বাইরে থেকে তাদের তালাবদ্ধ করা হয়। এরপর জঙ্গি অভিযানের নামে তাদেরকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়। ঘটনাটি ছিল ‘পূর্বপরিকল্পিত এবং রাষ্ট্রক্ষমতার অপব্যবহার’।
ট্রাইব্যুনাল বলেছে, প্রাথমিক তথ্যে ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং মানবতাবিরোধী আচরণের’ প্রমাণ মিলেছে।
নিহতদের পরিবার ট্রাইব্যুনালে অভিযোগ করে বলেন, ২০১৬ সালের ওই অভিযানে নিহতদের জঙ্গি বলে প্রচার করা হলেও, প্রকৃতপক্ষে তারা নিরীহ ছিলেন। নিহতদের কয়েকজন শিক্ষার্থী, দিনমজুর ও দোকান কর্মচারী ছিলেন।
রাষ্ট্রপক্ষের আবেদন ও মামলার নথিপত্র যাচাই করে ট্রাইব্যুনাল মনে করে, এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি এবং সাক্ষ্যগ্রহণ প্রয়োজন।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনের নাম আদালতে উপস্থাপন করা হয়। সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী ছাড়াও তালিকায় আছেন পুলিশের ঊর্ধ্বতন আরও চার কর্মকর্তা। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ অক্টোবর সময় নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত
