রাজনীতি সংবাদ প্রতিনিধি, গাজীপুর
প্রকাশের সময় : ৭ আগস্ট ২০২৫, ১১:০৪ অপরাহ্ণ
গাজীপুরে চাঁদাবাজি নিয়ে ফেসবুকে লাইভ করার পর আসাদুজ্জামান তুহিন (৩৮) নামের এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন ওই সাংবাদিক।
নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে লাইভ করেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। এরপর রাত ৮টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন—‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা’।
রাত সোয়া ৮টার দিকে তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এসময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। পরে ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। হামলার সময় পাশেই পুলিশ অবস্থান করলেও প্রথমে তাকে উদ্ধারে এগিয়ে আসেনি। এতে ঘটনাস্থলেই আসাদুজ্জামানের মৃত্যু হয়।
স্থানীয় একটি সূত্র জানায়, যেখানে তুহিনকে হত্যা করা হয়, সেই চায়ের দোকানের পাশেই দোতলায় তুহিনের অফিস। তিনি বিকেলে দেখতে পান, কয়েকজন সন্ত্রাসী এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে তাড়া করছে। তখন তুহিন এ ঘটনার ভিডিও ধারণ করেন। পরে তিনি সেখানে চায়ের দোকানে বসে ছিলেন। কিছুক্ষণ পরে সন্ত্রাসীরা এসে তুহিনকে ধাওয়া দিলে তুহিন দৌড়ে দোকানে ঢুকে পড়েন। পরে তিনজন অস্ত্রধারী দোকানের ভেতরে ঢুকে তাঁকে টেনে বাইরে এনে কুপিয়ে হত্যা করে। এ সময় আরও দুজন রামদা নিয়ে দাঁড়িয়ে ছিল।
এ বিষয়ে বাসন থানার ওসি শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তার জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন: ‘দীপু মনি অন্যায় আবদার করতেন’, আদালতকে কলিমুল্লাহ
