জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আজ মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে ভাষণটি একযোগে সম্প্রচার করবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
সরকারের একটি গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে, ভাষণে অন্তর্বর্তী সরকারের এক বছরের কর্মকাণ্ড, জুলাই গণহত্যার বিচারের অগ্রগতি এবং চলমান সংস্কার কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের কোন মাসে অনুষ্ঠিত হবে- নির্দিষ্ট করে ঘোষণা করতে পারেন তিনি।
এদিকে, প্রধান উপদেষ্টা আজ বিকেল ৫টায় সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহিদ পরিবারের প্রতিনিধি ও আহত যোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে।
এ ছাড়া এদিন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিকে,, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা। আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন তিনি।
আরও পড়ুন:
গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুত মঞ্চ, আয়োজনে কী কী থাকছে
ইতিহাস বদলে দেওয়া ঐতিহাসিক ৫ আগস্ট আজ
