জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ নামের এই আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, ড্রোন শো এবং ঘোষণাপত্র পাঠের ব্যবস্থা রয়েছে।
অনুষ্ঠানস্থলের সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম আহমেদ জানিয়েছেন, বৃষ্টির কথা মাথায় রেখে ওয়াটারপ্রুফ সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে।
এদিকে অনুষ্ঠানস্থল এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গতকাল সোমবার রাত থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা ও গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান এবং র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানান, ইউনিফর্ম ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন থাকবে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনসমাগমের কারণে জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ থাকবে।
মঞ্চ মাতাবেন যারা
সূচি অনুসারে, আজ বেলা ১১টা ২০ মিনিটে ইসলামী শিল্পীগোষ্ঠী সাইমুমের পরিবেশনা রয়েছে। ১১টা ৪০ মিনিটে থাকবে কলরব শিল্পীগোষ্ঠীর পরিবেশনা। দুপুর ১২টা ৫ মিনিটে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সাড়ে ১২টায় সংগীত পরিবেশনা করবেন তাশফি।
দুপুরে নামাজের রিরতির পর চিটাগাং হিপহপ হুড, সেজান এবং শূন্য ব্যান্ড পারফর্ম করবেন। এরপর ২টা ২৫ মিনিটে ‘ফ্যাসিস্টের পলায়ন ক্ষণ’ উদ্যাপন করা হবে।
এরপর আবার কনসার্ট শুরু হবে। সায়ান, ইথুন বাবু ও মৌসুমি, সোলস এবং ওয়ারফেজ পারফর্ম করবে তখন। দুপুর ২টা ৪০ মিনিটে সায়ান, বিকেল ৩টায় ইথুন বাবু ও মৌসুমির গান, বিকেল ৩টা ৩০ মিনিটে সোলস এবং ৪টায় ওয়ারফেজের পরিবেশনা থাকবে।
বিকেল পৌনে ৫টায় আসরের নামাজের বিরতি রয়েছে। এরপর ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা। এরপর বিকেল ৫টা ৩০ মিনিটে বেসিক গিটার লারনিং স্কুলের পরিবেশনা রয়েছে। ৫টা ৫০ মিনিটে এফ মাইনর ও ৬টা ১৫ মিনিটে পারশা মঞ্চ মাতাবে। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মাগরিবের আজান ও নামাজের বিরতি দেওয়া হবে।
এরপর সন্ধ্যা ৭টায় এলিটা করিম সংগীত পরিবেশন করবেন। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত স্পেশাল ড্রোন ড্রামা ‘ডু ইউ মিস মি’ পরিবেশিত হবে। এরপর ড্রোন শো অনুষ্ঠিত হবে। তারপর সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। এ ছাড়া আরও থাকবে নানা আয়োজন।
আরও পড়ুন: ইতিহাস বদলে দেওয়া ঐতিহাসিক ৫ আগস্ট আজ
