, | |

মূলপাতা চট্ট-মেট্টো

মহিউদ্দিন চৌধুরীর ছেলেসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা


প্রকাশের সময় :৩০ জুন, ২০২৫ ৯:২২ : পূর্বাহ্ণ

গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রায় ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া দুটি মামলায় এস আলম গ্রুপের কর্নধার সাইফুল আলম মাসুদের ভাই, ভাগিনা, মেয়ে জামাইসহ আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।

গতকাল রোববার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দুটি দায়ের করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক বিলকিস আক্তার।

মাত্র ৫ দিনের মধ্যে চট্টগ্রামের সাদ মুসা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মাহমুদ সাজিদ কটন মিলস লিমিটেডের অনুকূলে ঋণ দুটি অনুমোদন দেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। মামলা দুটিতে দন্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) এবং ২০১২ সালের মানিল্ডারিং প্রতিরোধ আইনের ৪(২)(৩) ধারায় অভিযোগ করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমদ বলেন, ২০১৭ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে এনআরবি গ্লোবাল ব্যাংকের (বর্তমান গ্লোবাল ইসলামী ব্যাংক) খাতুনগঞ্জ শাখা থেকে ক্ষমতার অপব্যবহার করে প্রয়োজনীয় জামানত ছাড়াই জাল জালিয়াতির আশ্রয় নিয়ে দুটি ঋণের মাধ্যমে ২৯ কোটি ১৬ লাখ ৫২ হাজার এবং ২০ কোটি ৫২ লাখ ৯৩ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে দুটি মামলা রেকর্ড হয়েছে।

মামলার আসামিরা হলেন-সাদ মুসা গ্রুপের কর্নধার মোহাম্মদ মোহসিন (৬৫), তার স্ত্রী মাহমুদ সাজিদ কটন মিলস লিমিটেডের চেয়ারম্যান শামীমা নারগিস চৌধুরী (৬০), গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান নিজাম চৌধুরী (৬৫), ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার (৫৯), সাবেক পরিচালক বেলাল আহমেদ (৪০), সাবেক পরিচালক গোলাম মোহাম্মদ (৭০), সাবেক পরিচালক ড. মোহাম্মদ ফারুক (৭১), সাবেক পরিচালক আরিফ আহমেদ (৪৩), সাবেক ওসমান গনি (৫৮), মিসেস মায়মুনা খানম (৩৪), সাবেক পরিচালক মিসেস সরোয়ার জাহান মালেক (৬২), সাবেক পরিচালক মোহাম্মদ মোস্তান বিল্লাহ আদিল (৩৮), সাবেক পরিচালক মিসেস শাহানা ফেরদৌস (৪৯), সাবেক পরিচালক সাজেদা নুর বেগম (৫৮), সাবেক পরিচালক বোরহানুল হাসান চৌধুরী (৩৭), সাবেক স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ কুতুবউদ্দৌলা (৭৬), সাবেক স্বতন্ত্র পরিচালক এস এ এম সলিমউল্লাহ (৭৫), গ্লোবাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারওয়ার (৭১), সাবেক এসভিপি এন্ড হেড অব ক্রেডিট মোহাম্মদ মাহমুদ আলম (৫৪), ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মশিউ রহমান জাহেদ (৬৮), এসএভিপি এন্ড ম্যানেজার মো. শামসুল আলম (৫২), এসপিও এন্ড ম্যানেজার অপারেশন মুন্নশ্রী চক্রবর্তী (৪৯), প্রিন্সিপাল অফিসার মো. হাসান আলী (৪৫), জুনিয়র অফিসার রিফাত ইফতেখারুল আলম (৩৯), মো. মিজানুর রহমান এবং নিগার সুলতানা (৩৯)।

 

এর মধ্যে বেলাল আহমেদ হলেন এস আলম গ্রুপের কর্নধার সাইফুল আলম মাসুদের মেয়ে জামাই, ওসমান গনি হলেন ভাই, মোস্তান বিল্লাহ আদিল ভাগিনা এবং বোরহানুল হাসান চৌধুরী সালেহীন চট্টগ্রাম সিটির সাবেক প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর ছেলে এবং পলাতক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভাই।

আরও পড়ুন: চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার ফ্যাক্টরি থেকে কেএনএফের পোশাক জব্দ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর