, | |

মূলপাতা দেশজুড়ে

ভারতে পালানোর সময় গোপালগঞ্জ আ.লীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার


বেনাপোল চেকপোস্টে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজমকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।
প্রকাশের সময় :১০ জুন, ২০২৫ ১:১৬ : অপরাহ্ণ

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজমকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আজমের স্ত্রী সঙ্গে থাকলেও কোনো অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।

সাহাবউদ্দিন আজম গোপালগঞ্জ সদর থানার বিনাপানি গার্লস স্কুল রোডের মৃত মইন উদ্দিনের ছেলে।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, আজ সকালে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন সাহাবউদ্দিন আজম। তার পাসপোর্ট স্টপ লিস্টে থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তার বিরুদ্ধে গোপালগঞ্জ এবং ঢাকার যাত্রাবাড়ী থানায় দুটি পৃথক মামলা থাকায় তাকে ইমিগ্রেশন পুলিশ কর্তৃক গ্রেপ্তার করে। এরপর তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

আজমের বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় একাধিক মামলাসহ সেনাসদস্যদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মামলা রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইলিয়াস হোসেন মুন্সী জানান, ‘ইমিগ্রেশনে খবর ছিল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজম ভারতে যেতে পারেন। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করা হয়। সকাল ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দেন আজম। অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়।’

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, ‘ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগ নেতাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। যেহেতু গোপালগঞ্জ ও ঢাকার যাত্রাবাড়ী থানায় তার নামে মামলা রয়েছে, সেহেতু তাকে গোপালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

আরও পড়ুন: ভারতে ভয়ংকর রূপে ফিরেছে করোনা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর