, | |

মূলপাতা রাজধানী

৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন ইশরাক


বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
প্রকাশের সময় :২২ মে, ২০২৫ ৫:১৭ : অপরাহ্ণ

অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আলটিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত করেছেন বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

আজ বৃহস্পতিবার বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে তিনি এ ঘোষণা দেন।

ইশরাক হোসেন বলেন, আইনের শাসনের বিজয় হয়েছে। যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেহেতু আমরা আশা রাখবো সরকার কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করবে। যেহেতু আজ আমরা রায় পেয়েছি, যদি সরকার আবারও টালবাহানা করে, আবার কালক্ষেপণ করে, তাহলে কাল সকালেই আমরা এখানে এসে আবার জড়ো হবো।

এ বিএনপি নেতা বলেন, হাইকোর্টের আদেশ শোনার পর আমাদের দল থেকে সিদ্ধান্ত নিয়েছে, আমরা আন্দোলন আপাতত স্থগিত রাখবো। সরকারকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত পর্যবেক্ষণে রাখবো। এ সময়ে তাদের যে কর্মকাণ্ড, তার ওপর ভিত্তি করে আমরা পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত নেব।

ইশরাক হোসেন বলেন, আমাদের এ কর্মসূচিগুলোর ফলে সড়কে যানজট সৃষ্টি হয়। জনগণ দুর্ভোগে পড়ে। এজন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। পাশাপাশি আমরা এটাও বলে দিতে চাই, বর্তমান সরকার আমাদের অধিকার বঞ্চিত করতে গিয়ে এমন পর্যায়ে নিয়ে যায়। বাধ্য হয়ে আমরা এমন কর্মসূচিতে নামার সিদ্ধান্ত নিই।

দুই উপদেষ্টার পদত্যাগ চেয়ে এ বিএনপি নেতা বলেন, বর্তমান সরকারের ভেতরে যে দুজন ছাত্র প্রতিনিধি রয়েছেন তারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক। সংগঠক হিসেবে কাজ করছেন। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এ আন্দোলন শেষ হবে না। আমরা সরকারকে পুনর্ব্যক্ত করতে চাই, আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ আন্দোলন শেষ হবে না।

 

এর আগে তাকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে বুধবার সকাল থেকে কাকরাইলে অবস্থান নেন তার সমর্থকরা। তারা সারা রাত সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

আজ দুপুরে সরেজমিন দেখা যায়, বিএনপি নেতাকর্মীরা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে দুই উপদেষ্টার পদত্যাগও দাবি করছেন তারা।

যমুনারে যমুনা আমরা কিন্তু যাব না, এই মাত্র খবর এলো ইশরাক ভাই মেয়র হলো, এ মুহূর্তে দরকার নির্বাচিত সরকার, দফা এক দাবি এক নির্বাচিত সরকার, যমুনারে যমুনা শপথ ছাড়া যাবো না—বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। গেল ২৭ মার্চ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ের কপি পাওয়ার পর ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু পরামর্শ পাওয়ার আগেই ২৭ এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।

গত ১৪ মে মো. মামুনুর রশিদ নামে এক ব্যক্তির পক্ষে আইনজীবী কাজী আকবর আলী হাইকোর্টে একটি রিট দায়ের করেন। রিটে ইশরাককে মেয়র ঘোষণা করে দেওয়া রায় স্থগিতের পাশাপাশি তাকে মেয়র পদে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি রিটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে মেয়র পদে ইশরাককে শপথ না পড়াতে এবং আইন মন্ত্রণালয়কে নির্বাচনী ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতেও নির্দেশনা চাওয়া হয়েছে।

আরও পড়ুন: মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই: হাইকোর্ট

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর