গণহত্যাকারী হিসেবে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ ও দলটির নেতাদের বিচার নিশ্চিতের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বৃহস্পতিবার রাত ১০টা থেকে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এ কর্মসূচি শুরু হলেও মিছিল নিয়ে সেখানে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা।
যমুনা ভবনের আশপাশে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এর আগে, নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করার ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ।
পোস্টে তিনি লেখেন, ‘যতক্ষণ না আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণের স্পষ্ট ঘোষণা আসে, ততক্ষণ আমাদের অবস্থান চলবে। যার এজেন্ডায় আওয়ামী লীগ নিষিদ্ধের বয়ান নেই, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’
পূর্ববর্তী আরেক পোস্টে হাসনাত অভিযোগ করেন, ‘খুনিদের নিরাপদে পালাতে দেওয়া হচ্ছে, পুলিশ ধরলেও আদালত জামিন দিচ্ছে, এমনকি শিরীন শারমিনকে বাসায় গিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থায় পাসপোর্ট করে দেওয়া হচ্ছে।’ তিনি প্রশ্ন তোলেন, “ইন্টারিম সরকার এখন পর্যন্ত কী বিচার ও সংস্কার করেছে?’
এর আগে, আওয়ামী লীগ সরকার পতনের নয় মাস পর গতকাল বুধবার (৭ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ ঘটনার পর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু নতুন করে আলোচনায় এসেছে।
আরও পড়ুন: মধ্যরাতে গোপনে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
