, | |

মূলপাতা বিএনপি

কাতারের আমীরের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন খালেদা জিয়া


কাতারের আমীরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে আগামী সোমবার দেশে ফিরছেন খালেদা জিয়া।
প্রকাশের সময় :৩ মে, ২০২৫ ৮:১৫ : অপরাহ্ণ

কাতারের আমীরের দেওয়া বিশেষ এয়ার এম্বুলেন্সে করে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী সোমবার বিশেষ এই বিমানে তিনি ঢাকা ফিরবেন।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

এর আগে, বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ একটি ফ্লাইটে খালেদা জিয়া দেশে ফিরবেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, আগামী সোমবার (৫ মে) একটি কাতারের রয়েল অ্যাম্বুল্যান্স বিমানে দুই পুত্রবধূকে নিয়ে ঢাকায় ফিরছেন খালেদা জিয়া। সবার আবেগ আছে, সবাই উচ্ছ্বসিত। বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা দিতে প্রস্তুত সবাই। তাকে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত রাস্তার দুধারে দাঁড়িয়ে নেতাকর্মীরা শুভেচ্ছা জানাবেন।

দীর্ঘ চারমাস পর চিকিৎসা শেষে সোমবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবে বিএনপি। এ লক্ষ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ঢাকা মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে গতকাল যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ‘ফিরোজা’কে প্রস্তুত করা হয়েছে বলে জানান মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, ‘ম্যাডামে বাসভবন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।’

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান খালেদা জিয়া। লন্ডনে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন খালেদা জিয়া। টানা ১৭ দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন। পরে ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় তাদের অধীনে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়।

প্রসঙ্গত, ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময়ে আইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে দীর্ঘ সময় চিকিৎসা নিতে হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর গত ২১ আগস্ট এভারকেয়ার হাসপাতালে এক মাস চিকিৎসাধীন থেকে বাসায় ফেরেন তিনি।

আরও পড়ুন: খালেদা জিয়ার ফ্লাইটে কী হতে যাচ্ছিলো?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর