দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম। সেই সঙ্গে রুপার মূল্যও হ্রাস পেয়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ৫৭০ টাকা কমানো হয়েছে। এতে ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা। এর আগে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা।
আজ শনিবার রাতে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) ও রুপার দাম কিছুটা কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৩০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ২৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৪ হাজার ২৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে স্বর্ণের গহনা কিনতে ক্রেতাদের এর চেয়ে বেশি অর্থ গুনতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের গহনা বিক্রি করা হয়। একই সঙ্গে ভরিপ্রতি মজুরি ধরা হয় ন্যূনতম সাড়ে ৩ হাজার টাকা। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
আগামীকাল রোববার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে নতুন মূল্য তালিকায় স্বর্ণ বিক্রির অনুরোধ জানিয়েছে বাজুস।
এর আগে গত ২৩ এপ্রিল ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৩৪২ টাকা কমানো হয়েছিল।
কমলো রুপার দামও
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ৩৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৮১১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: ‘মানবতার জননী’ থেকে ‘জুলুমের রাণী’, হাসিনার উত্থান-পতনের গল্প
