, | |

মূলপাতা জাতীয় নাগরিক পার্টি

জোটে যাবে না জাতীয় নাগরিক পার্টি, ৩০০ আসনে দেবে প্রার্থী


প্রকাশের সময় :৫ মার্চ, ২০২৫ ৬:০৭ : অপরাহ্ণ

আগামী জাতীয় নির্বাচনে অন্য কোনো দলের সঙ্গে জোটে যাবে না সদ্য আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এককভাবে ৩০০ আসনে এনসিপির প্রার্থী দেওয়ার সক্ষমতা আছে বলে মনে করেন দলটির নেতারা। নিবন্ধন পেতে ঈদের পর নির্বাচন কমিশনে আবেদন করবে দলটি।

আজ বুধবার দেশের একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকালে এসব তথ্য জানিয়েছেন এনসিপির নেতারা।

দলের নেতারা জানিয়েছেন, দলের নিবন্ধন পেতে ঈদের পর নির্বাচন কমিশনে আবেদন করা হবে। আর দলীয় প্রতীক এখনো চূড়ান্ত হয়নি এনসিপির। সবার সঙ্গে পরামর্শ করে দলীয় ফোরামে আলোচনার পর দলের প্রতীক নির্ধারণ করা হবে।

আগামী জাতীয় নির্বাচনে জোট গঠন প্রসঙ্গে এনসিপির নেতারা জানিয়েছেন, তারা কারো সঙ্গে জোট করবে না। তবে ছোট দলগুলোর সুযোগ থাকবে এনসিপির সঙ্গে জোট গঠনের আলোচনার।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন, ঈদের পর দলের নিবন্ধনের জন্য আবেদন করবেন তারা।

দলের আরেক নেতা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘তরুণদের নেতৃত্বে গঠিত দলটির ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে, আর সে লক্ষ্যেই আমরা কাজ করছি। জাতীয় নির্বাচনের আগে সারাদেশে দলীয় কার্যক্রম বৃদ্ধিই আমাদের অন্যতম লক্ষ্য।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

তরুণদের নতুন এই দলের আহ্বায়ক হলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে সদ্য পদত্যাগ করা নাহিদ ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

তরুণদের নেতৃত্বে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভবিষ্যৎ কোন পথে এগোবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। তবে এই দল তরুণদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে আশা করছেন সমর্থকরা।

আরও পড়ুন: জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর