চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিশিষ্ট নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম আদালতে চিন্ময় দাসের জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর সময় এই ঘটনা ঘটে।
চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া মামলায় চিন্ময় দাসকে গতকাল সোমবার বিকেল ৫টার দিকে ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয়।
আজ কঠোর নিরাত্তায় সকাল ১০টা ৫০ মিনিটে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে ভিড় করেন চিন্ময় দাসের সমর্থকরা।
বিকেল ৩টার দিকে চিন্ময় দাসকে প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়ার সময় তার সমর্থকরা পুলিশকে বাধা দেয়। তারা চট্টগ্রাম কোর্ট ভবনের নিচে সড়কের মাঝে শুয়ে পড়েন, ভ্যানের চারপাশে মানবঢাল তৈরি করেন। এ সময় বাধাপ্রধানকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে চিন্ময় দাসের সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।
ইসকন নেতা চিন্ময় দাশ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ।
চিন্ময় দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুরসহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি নিয়ে বেশ কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত ২৫ অক্টোবর বিকেলে চট্টগ্রামের লালদীঘি মাঠে ৮ দফা দাবি আদায়ের লক্ষে সমাবেশের আয়োজন করে আলোচনায় আসেন চিন্ময় দাস। ওই সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে। সমাবেশে চিন্ময় দাস বাংলাদেশে হিন্দুদের মঠ-মন্দিরে হামলা বাড়িঘরে লুট, অগ্নিসংযোগসহ নানান অভিযোগ করেন। অথচ, তার বিরুদ্ধেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় তিনি উসকানিমূলক বক্তব্য দিয়ে থাকেন।
গত ৩০ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। মো. ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা হয়।
মামলায় অভিযোগে বলা হয়েছে, ৫ অগাস্ট গণঅভুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতা নিউমার্কেট মোড়ে একটি জাতীয় পতাকা উত্তোলন করে। গত ২৫ অক্টোবর লালদীঘি ময়দানে সনাতনীদের সমাবেশের দিন ওই পতাকার ওপর ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা স্থাপন করে দেওয়া হয়, যা রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকার করার শামিল।
মামলার পরই দুজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ আটক
