সীমান্তে একের পর এক হত্যাযজ্ঞ চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এবার ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত নামে (১৫) এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন। নিহত কিশোরের লাশও বিএসএফ নিয়ে গেছে।
আজ সোমবার ভোরে বালিয়াডাঙ্গী উপজেলা ধনতলা সীমান্তের ৩৯৩ নম্বর পিলার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে বিএসএফের গুলিতে নিহত কিশোর জয়ন্তের লাশ আনতে গিয়ে তার বাবা শ্রী মহাদেব কুমার সিংহসহ দুই বাংলাদেশি আহত হয়েছেন। তারা ভারত থেকে বাংলাদেশে পালিয়ে এসে রংপুরে গোপনে একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান সমর কুমার চট্টোপাধ্যায় বলেন, আমি শুনতে পেয়েছি যে, প্রথমে ছেলেটি নাকি ভারতে পাড়ি দেওয়ার জন্য বর্ডার ক্রস করতে যান। তখন বিএসএফ তাকে গুলি করে। পরে তার লাশ আনতে তার বাবা সীমান্তে যান। বিএসএফ আবার তার বাবাকে লক্ষ্য করে পায়ে গুলি করে। তিনি বর্তমানে রংপুর চিকিৎসাধীন আছেন।
বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির বলেন, কী কারণে তারা সীমান্তে গিয়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত ব্যক্তির লাশ বিএসএফের হেফাজতে রয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজির আহমদ বলেন, এমন একটি ঘটনা ঘটেছে শুনেছি। এ বিষয়ে আমরা তদন্ত করছি।
এর আগে গত ১৩ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আবদুল্লাহ (৪৫) নামের এক বাংলাদেশি নাগরিক নিহত হন।
আরও পড়ুন: রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম, দুবাইয়ে রেসিডেন্সি!
