সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগ বহাল রাখাসহ চার দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
আজ রোববার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরিগেট এলাকায় অবরোধ তৈরি করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
দুপুর সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
আশুলিয়া থানার ওসি এএফএম সায়েদ বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন। তাদেরকে সড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হচ্ছে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
সরকারি চাকরি থেকে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আজ সারাদেশে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। গতকাল রাজধানীর শাহবাগ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ২০১৮ সালে নবম থেকে ত্রয়োদশ গ্রেডের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের ৩০ শতাংশ কোটা বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার। একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি এ সিদ্ধান্তকে হাইকোর্ট গত ৫ জুন অবৈধ ঘোষণা করে।
গত ৪ জুলাই সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আপাতত বহাল রাখার আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সুপ্রিম কোর্ট সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখায় ক্ষোভে ফুঁসে উঠেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন: সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় আপাতত বহাল
