, | |

মূলপাতা রাজধানী

বঙ্গবাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই হাজার হাজার দোকান


ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :৪ এপ্রিল, ২০২৩ ১০:০৫ : পূর্বাহ্ণ

রাজধানীর ফুলবাড়িয়ার বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস, বিজিবি সেনা ও বিমানবাহিনীর ৫০টি ইউনিট কাজ করছে।

আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে লাগা আগুন এখনো জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আরও কয়েক ঘণ্টা লাগতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্তব্যরত সদস্যরা।

হাতিরঝিল থেকে তিনটি হেলিকপ্টারে করে পানি নিয়ে বঙ্গবাজার মার্কেটে ছিটানো হচ্ছে। এছাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ হোস পাইপ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে পানি ছিটাচ্ছেন। আগুন ছড়িয়ে পড়েছে এনেক্সকো ভবনসহ পাশের কয়েকটি ভবনে।

বঙ্গবাজার মার্কেটের কিছু অংশ ছিল তিন তলা এবং কিছু অংশ ছিল চার তলা।

 বঙ্গবাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই হাজার হাজার দোকান

ব্যবসায়ীরা বলছেন, সেখানে অন্তত সাড়ে চার থেকে পাঁচ হাজার দোকান ছিল। তবে ভয়াবহ আগুনে একেবারে ভস্ম হয়ে গেছে সব। মাটিতে মিশে গেছে পুরো মার্কেট।

আগুনের ভয়াবহতায় নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। এরই মধ্যে উৎসুক জনতার ভিড়ে আরও বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।

এছাড়া সেখানে প্রাথমিকভাবে পানির সংকটও দেখা দেয়। পরে আগুন নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে সাতটি পাইপ লাগিয়ে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস।

বঙ্গবাজারে লাগা আগুন আশেপাশের আরও চারটি মার্কেটে ছড়িয়ে পড়েছে। বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। সেখানকার মার্কেটের ব্যবসায়ীরা তাদের মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছেন।

অ্যানেক্স মার্কেটের দোকান মালিক নাসিম বলেন, বঙ্গবাজার, মহানগর, আদর্শ ও গুলিস্তান মার্কেট আগুনে পুড়ে গেছে। এখন অ্যানেক্স মার্কেটে আগুন লেগেছে।

আগুনের সবকিছু হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীরা আহাজারি করছেন। খবর পেয়ে আগে যারা ঘটনাস্থলে আসতে পেরেছেন তারা যে যার মতো করে দোকান থেকে কিছু কিছু জিনিস বের করেছেন।

তবে বেশির ভাগ ব্যবসায়ীরাই কোনো মালামাল বের করতে পারেননি বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ছেলে, মেয়েদের প্যান্ট, শার্টসহ কাপড়ের জন্য ঢাকার বিখ্যাত বঙ্গবাজারের মার্কেট। মঙ্গলবার ভোরের আগুনে পুড়ছে মার্কেটটির বেশিরভাগ দোকান।

আসছে ঈদকে কেন্দ্র করে সব দোকানেই মজুত করে রাখা হয়েছিল বিপুল কাপড়। আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়লে সব পুড়ে ছাই হয়ে যাওয়ার ভয় করছেন ব্যবসায়ীরা। এতে পথে বসার আশঙ্কা করছেন তারা।

এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর