রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ২৪ এপ্রিল ২০২২, ১২:০৯ অপরাহ্ণ
ম্যাচজুড়ে আধিপত্য রাখা পিএসজিকে বিরতির পরই গোল করে এগিয়ে নেন লিওনেল মেসি। আর্জেন্টিনার এ তারকার গোলে জয়ের পথেই হাঁটছিল প্যারিসের ক্লাবটি।
কিন্তু, ম্যাচ শেষ হওয়ার ঠিক দুই মিনিট আগে হয়ে গেল অঘটন। পিএসজির দর্শকদের স্তব্ধ করে ম্যাচে সমতা ফেরালো লঁস। তাতেই বদলে গেল ম্যাচের ফলাফল। লঁসের বিপক্ষে লিগ ওয়ানে ড্র করে মাঠ ছাড়ল মাওরিসিও পচেত্তিনোর দল।
অবশ্য ড্র করলেও পিএসজির উৎসবে আঁচ পড়েনি। কারণ, ড্র করার পাশাপাশি চার ম্যাচ হাতে রেখেই লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করলো পিএসজি।
গতকাল শনিবার রাতে লঁসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। শিরোপা নিশ্চিত করতে এখানে হার এড়ালেই চলতো স্বাগতিকদের। লিওনেল মেসির গোলে সেটাই করেছে প্যারিসের ক্লাবটি।
পার্ক দ্যা প্রিন্সেসে প্রথমার্ধে গোলের দেখা পায়নি পিএসজি। বেশ কয়েকবার সহজ সুযোগ নষ্ট করেছেন কিলিয়ান এমবাপ্পে। লিওনেল মেসি ও নেইমারও পারেনি প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে। দ্বিতীয়ার্ধেও কাজটা যেনো কঠিন মনে হচ্ছিল। তবে ৫৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়ে ডানসো। এতে দশজনের দলে পরিণত হয় লঁস।
দশ জনের ফায়দা দারুণ ভাবে কাজে লাগায় পিএসজি। ৬৮ মিনিটে চোখ ধাঁধানো গোল করেন লিওনেল মেসি।
নেইমারের থেকে পাওয়া বল বক্সের উপর থেকে বাম পায়ের শটে জাল খুঁজে নেন এই আর্জেন্টাইন তারকা।
৮৮ মিনিটে পিএজির রক্ষণ ভেঙে ম্যাচে সমতা টানে লঁস। তবে তা পিএসজির শিরোপা উদযাপনে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি।
গত মৌসুমে লিলের কাছে শিরোপা হারিয়েছিল পিএসজি। এবার সে শিরোপা উদ্ধার করল পিএসজি। এটি তাদের দশম শিরোপা। ফ্রান্সের শীর্ষ লিগে পেশাদার যুগে সাঁত এতিয়েনের এর আগে সবচেয়ে বেশি ১০টি শিরোপা জিতেছিল। এবার সেটি করলো পিএসজি।
পিএসজিতে লিগ শিরোপা জিতে ক্লাব ক্যারিয়ারে নিজের ৩৬তম শিরোপা জিতলেন লিওনেল মেসি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ক্লাবগুলির মধ্যে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ডে দানি আলভেসের পাশে বসলেন আর্জেন্টাইন তারকা।
৩৪ ম্যাচে পিএসজির পয়েন্ট ৭৮। দ্বিতীয় অবস্থানে থাকা মার্শেই ৩৩ ম্যাচে অর্জন করেছে ৬৩ পয়েন্ট। দুই দলের পয়েন্ট ব্যবধান গিয়ে দাঁড়িয়েছে ১৫তে। তাই পিএসজি শেষ চার ম্যাচ হারলেও শিরোপা হাত ছাড়া হওয়ার কোনো সুযোগ নেই।
