, | |

মূলপাতা চট্ট-মেট্টো

অবৈধ সম্পদ অর্জন, সাবেক এমপি লতিফের বিরুদ্ধে দুদকের মামলা


চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ।
রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :২৪ নভেম্বর, ২০২৬ ৩:১৭ : অপরাহ্ণ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার ২৭৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

গতকাল সোমবার দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এ মামলাটি করেন সংস্থাটির উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন রাজনীতি সংবাদকে বলেন, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, এম এ লতিফের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদকের প্রধান কার্যালয়। ২০২৫ সালের ৮ এপ্রিল এ অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানে তার নামে ১৪টি নিবন্ধিত দলিলের মাধ্যমে কেনা জমিসহ মোট ১০ কোটি ৮৬ লাখ ২৭ হাজার ৫১৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে স্থাবর সম্পদের মূল্য ৩ কোটি ৯৬ লাখ ৩২ হাজার ২২৩ টাকা এবং ব্যবসার মূলধন, বিনিয়োগ, গাড়ি ক্রয় ও নগদ অর্থসহ অস্থাবর সম্পদের পরিমাণ ৬ কোটি ৮৯ লাখ ৯৫ হাজার ২৯০ টাকা।

দুদকের অনুসন্ধানে তার সম্মানী, ব্যবসা থেকে আয়, ব্যাংক সুদ ও অন্যান্য উৎস মিলিয়ে ৬ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৬০০ টাকার বৈধ আয়ের তথ্য পাওয়া যায়। তবে পারিবারিক ও অন্যান্য খাতে তার ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬১ লাখ ৭১ হাজার ৩৬৫ টাকা। এসব ব্যয় বাদ দেওয়ার পর সম্পদ অর্জনের বিপরীতে তার বৈধ আয়ের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ১৬ লাখ ৮২ হাজার ২৩৫ টাকা। এ হিসাবে তার অর্জিত সম্পদের সঙ্গে বৈধ আয়ের ব্যবধান ৬ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার ২৭৮ টাকা।

 

দুদকের অভিযোগ, এম এ লতিফ ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে এই পরিমাণ সম্পদ অর্জন করেছেন। ২০১১ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ২৬ জুলাই পর্যন্ত সময়ে অবৈধভাবে এসব সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

মামলার এজাহারে আরও বলা হয়, এম এ লতিফ আয়কর নথিতে হর্টিকালচার ও কৃষি খাতে ৩ কোটি ৭১ লাখ ৭৫ হাজার টাকা আয় দেখিয়েছেন। তবে অনুসন্ধানের সময় ওই আয়ের পক্ষে কোনো প্রামাণ্য কাগজপত্র বা তথ্য-উপাত্ত পাওয়া যায়নি। তিনি নিজেও এ-সংক্রান্ত গ্রহণযোগ্য তথ্য-প্রমাণ দিতে পারেননি। এ কারণে ওই আয়কে বৈধ আয় হিসেবে বিবেচনায় নেয়নি দুদক।

এম এ লতিফের আয়কর নথিতে পরিবহন ও অন্যান্য ব্যবসার কথাও উল্লেখ করা হয়েছে। তিনি রিলায়েন্স লজিস্টিকসের মাধ্যমে পরিবহন ব্যবসা এবং রিলায়েন্স অ্যাসেটস অ্যান্ড ডেভেলপমেন্ট বিডি লিমিটেডের মাধ্যমে আবাসন ব্যবসা পরিচালনা করেন বলে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ৯ আগস্ট নগরীর মাদারবাড়ি নসু মালুম মসজিদ এলাকায় জনতার রোষানলে পড়েছিলেন এম এ লতিফ। খবর পেয়ে সেনাবাহিনী গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। এরপর ১৭ আগস্ট নগরীর বায়েজিদ বোস্তামী থানার বায়েজিদ বোস্তামী এলাকা থেকে এম এ লতিফকে আটক করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এরশাদ নামের এক ব্যক্তি গুলিতে আহত হওয়ার ঘটনায় নগরীর ডবলমুরিং থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে আওয়ামী লীগ থেকে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এম এ লতিফ। এর আগে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হন।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘ ১৬ বছর ধরে এমপি লতিফ চট্টগ্রাম বন্দরে প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান থেকে চাঁদা নিতেন। এ ছাড়া বন্দর-পতেঙ্গা এলাকায় বিভিন্ন অবৈধ ব্যবসা-প্রতিষ্ঠান থেকেও তিনি চাঁদা নিতেন।

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেলো বিএনপির এমপির প্রতিষ্ঠান

Rajniti Sangbad


আরও খবর