, | |

মূলপাতা দেশজুড়ে

আওয়ামী লীগের ‘অগ্নিসন্ত্রাস’ নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী


আজ লালমনিরহাটের মহেন্দ্রনগরে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজনীতি সংবাদ প্রতিনিধি, লালমনিরহাট প্রকাশের সময় :১৯ নভেম্বর, ২০২৬ ৪:৩৮ : অপরাহ্ণ

দেশে চলমান সহিংসতা নিয়ে আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আর না, অনেক হয়েছে, এখন কঠোরভাবে দমন করা হবে। মানুষ হত্যার জবাব দেওয়া হবে।’

আজ বৃহস্পতিবার লালমনিরহাটের মহেন্দ্রনগরে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

তারেক রহমান বলেন, ‘একটি রাজনৈতিক দল ১৬ বছর জোর করে দেশ শাসন করেছিল। দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। ২৪-এর ঐক্যবদ্ধ আন্দোলনে তারা প্রভুর দেশে পালিয়ে যায়। প্রভুর দেশে পালিয়ে গিয়েও ওই রাজনৈতিক দলটি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কারণ পলাতকদের এই দেশের প্রতি কোনো দরদ নেই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘অবৈধভাবে দেশ শাসন করে দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করেছে। তারা প্রভুর দেশ থেকে আগুন সন্ত্রাস চালাচ্ছে। তারা মানুষের অধিকার কেড়ে নিতে চায়।’

তারেক রহমান বলেন, ‘ভারতে প্রভুদের কাছে পালিয়ে গিয়ে আগুন সন্ত্রাস শুরু করেছে। পলাতকরা ১৪ শত মানুষ হত্যা করে আবার আসার চেষ্টা করছে। তাদেরকে প্রতিরোধে ২৪-এর আন্দোলনের সকলকে সতর্ক থাকতে হবে।’

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘১৬ বছর ক্ষমতা দখল করে থেকেও কেন তারা তিস্তা ব্যারাজের কাজ, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজের কাজ করেনি? কেন তারা এই এলাকায় গ্যাসলাইন আনেনি? কেন এই এলাকায় ইপিজেড স্থাপন করেনি? এই প্রশ্ন আমার ও আপনাদেরও। কারণ এই দেশের মানুষের প্রতি বা এই দেশের প্রতি তাদের কোনো দরদ ছিল না। সে জন্যই আমরা দেখেছি, প্রতিবছর লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। বিশ্বজুড়ে আন্তর্জাতিক পত্রপত্রিকায় উঠে এসেছে, কীভাবে এই দেশের দুস্থ, অসহায়, গরিব মানুষের টাকা বিদেশে পাচার করে তারা আরাম-আয়েশে জীবনযাপন করেছে।’

 

সরকারপ্রধান বলেন, ‘আওয়ামী লীগ এই দেশের ও মানুষের স্বার্থ দেখেনি। সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে, সেটা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদেরকে খুশি করার জন্য তারা আবার এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।’

তারেক রহমান বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে ভোটের অধিকার, কথা বলার অধিকার, গুম-খুন বন্ধের যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই অধিকার আওয়ামী লীগ আবার কেড়ে নিতে চায়।’

উপস্থিত জনতার উদ্দেশে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, ‘আওয়ামী লীগকে কি আপনারা আবার গুম-খুন, ভোটের অধিকার ও মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি করার অনুমতি দেবেন?’ যদি তা না হয়, তাহলে আসুন, যেভাবে ২০২৪ সালে বাংলাদেশের সকল গণতন্ত্রপ্রিয় মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ থেকে সেই খুনি-সন্ত্রাসীদের বিতাড়িত করেছিল, ঠিক সেইভাবে আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।’

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক

Rajniti Sangbad


আরও খবর