গোপালগঞ্জে আবারও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ক্যাডাররা তাণ্ডব চালিয়েছে। টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে তারা। এ ছাড়া গোপালগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ সংগঠনটি।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালান বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়ামের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করার পাশাপাশি কয়েকটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় মাইকিং করা হয়।
মাইকিং শুনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টুঙ্গিপাড়ার দিকে রওনা হন। একপর্যায়ে তারা অডিটরিয়ামের সামনে জড়ো হলে পুলিশের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করা হলেও আহতদের সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রের দাবি, একপর্যায়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে পিছু হটেন। এরপর বিক্ষোভকারীরা টুঙ্গিপাড়া থানার দিকে অগ্রসর হয়ে সেটি ঘেরাও করেন। এ সময় কয়েক দফায় পুলিশ গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে। পরে বিক্ষোভকারীরা থানায় ঢুকে আগে আটক ব্যক্তিদের বের করে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে।
এরপর লাঠিসোঁটা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের শত শত নেতাকর্মী থানার সামনে জড়ো হন। একপর্যায়ে তারা পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে প্রবেশ করেন। থানার ভেতরে ঢুকে তারা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় পুলিশ ও হামলাকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফা গুলি, টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে কয়েকজন আহত হয়েছেন। আগুনে পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

থানায় অগ্নিসংযোগের পর রাত ৮টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলার পাটগাতী গ্রামের দিকে যান। সেখানে বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেন তারা। এ সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ ছাড়াও বিভিন্ন সড়কে তারা অস্ত্র হাতে মহড়া দিচ্ছে।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ওসি ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ১৯ নভেম্বর দেশে ‘সর্বাত্মক লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। সেটার প্রস্তুতির অংশ হিসেবে গত রোববার আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা গোপালগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করে। সেখানে দিনভর বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুর ও গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।







