শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক।
আজ মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
এদিকেবিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, শারীরিক অসুস্থতার কথা সামনে এলেও ওসমান ফারুকের আকস্মিক পদত্যাগের পেছনে রাজনৈতিক অসন্তোষ রয়েছে। বিশেষ করে সরকার গঠনের পর মন্ত্রিসভায় জায়গা না পাওয়া নিয়ে তার মধ্যে কিছুটা ক্ষোভ ছিল।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ৮৬ বছর বয়সী ওসমান ফারুক চিকিৎসার জন্য দীর্ঘদিনযুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। সেসময়ও তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। বিষয়টি জানিয়ে তিনি সংসদ সচিবালয়ে তখন চিঠি দিয়েছিলেন।
ড. ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। চারদলীয় জোট সরকারের আমলে তাকে শিক্ষামন্ত্রী করা হয়েছিল। ২০০৮ সালের সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু করে আওয়ামী লীগ সরকার। এক পর্যায়ে তিনি দেশ ছেড়ে চলে যান। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে তিনি দেশে ফিরে আবার বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।
এদিকে কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসন শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আজ সংসদ অধিবেশন শুরুর পর তিনি এই ঘোষণা দেন।
সংসদ অধিবেশনে স্পিকার জানান, গত ১৪ নভেম্বর ওসমান ফারুক পদত্যাগ করেছেন। বিধি অনুযায়ী, এ আসনটি শূন্য হয়েছে ১৫ নভেম্বর থেকে।
এ আসনে আগামী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।







