, | |

মূলপাতা জাতীয়

শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার প্রশ্নই আসে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার প্রশ্নই আসে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :৯ নভেম্বর, ২০২৬ ৩:৩৩ : অপরাহ্ণ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার আইনি উদ্যোগকে ‘হাস্যকর’ বলে আখ্যা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, একজন পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে নতুন করে ভ্রমণ নথি দেওয়ার প্রশ্নই আসে না।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি সরবরাহ করবে না। ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার সরকারের সময়ে মাত্র ছয় সপ্তাহে প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিহত হয়েছেন। দেশ ছেড়ে ভারতে অবস্থান করেও তিনি রাজনৈতিক কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছেন।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সাধারণ কোনো যাত্রীর মতো দেখার সুযোগ নেই। শেখ হাসিনা ইতিমধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত। এ ছাড়া তার বিরুদ্ধে আরও একাধিক বিচারিক কার্যক্রম চলমান, যেগুলোতে সর্বোচ্চ শাস্তির সম্ভাবনাও রয়েছে।’

হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশ-ভারত বিদ্যমান দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে আমরা দাবি জানাব। তাকে ফেরত পাওয়া গেলে যথাযথ নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে কারাগারে নেওয়া হবে।’

সম্প্রতি দিল্লিতে অবস্থান করে আইনজীবী ও আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং এনআইডির জন্য শেখ হাসিনা আবেদন করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সে খবর প্রকাশিত হয়।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, হাইকমিশনে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০২৪ পরবর্তী অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

এর আগে রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন।

আরও পড়ুন: নতুন এনআইডি ও পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা

Rajniti Sangbad


আরও খবর