, | |

মূলপাতা দেশজুড়ে

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী


ভোট দেওয়ার পর বিজয় সূচক চিহ্ন দেখান মির্জা ফয়সল আমীন।
রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৯ অক্টোবর, ২০২৬ ১০:১২ : অপরাহ্ণ

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই।

আজ বৃহস্পতিবার রাতে ১৮৫টি ভোটকেন্দ্রের সব কটির ফলাফল ঘোষণা শেষে ফয়সল আমীনকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। ফলে ফয়সল আমীন ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

নির্বাচনে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে ৩ হাজার ২৮৮ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলিম নিজামী বটগাছ প্রতীকে ৮৩৬ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে ৪৪৯ ভোট পেয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল অনুযায়ী, এ আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ১২৩টি। এর মধ্যে ৫ হাজার ৩০৮টি ভোট বাতিল হয়েছে। ভোট প্রদানের হার ছিল ৬৪ দশমিক ৭৭ শতাংশ।

এর আগে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আসনটির ১৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে কেন্দ্রগুলো থেকে পাওয়া ফলাফল একত্র করে রাতে বেসরকারি ফল ঘোষণা করা হয়।

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৬৮ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।

উল্লেখ্য, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: তাহসিফের মরদেহের সুরতহাল প্রতিবেদনে যা আছে

Rajniti Sangbad


আরও খবর