, | |

মূলপাতা আন্তর্জাতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক


ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর-এর আয়োজনে ‘অ্যাম্বাসেডরস রিজিয়নাল কনফারেন্স’ শীর্ষক এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৪ : অপরাহ্ণ

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশসহ ১১টি দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরা অংশ নেন। সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খবর দ্য হিন্দুর।

গতকাল মঙ্গলবার ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর-এর আয়োজনে ‘অ্যাম্বাসেডরস রিজিয়নাল কনফারেন্স’ শীর্ষক এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক বার্তায় রুবিও বলেন, ‘আজ (মঙ্গলবার) দিনের শুরুতে রাষ্ট্রদূত সার্জিও গোরের আয়োজনে ভারতে অনুষ্ঠিত আমাদের অ্যাম্বাসেডরস রিজিয়নাল কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলাম।’

পোস্টে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সঙ্গে মতবিনিময় করতে পেরে সন্তোষ প্রকাশ করেন তিনি।

রুবিও আরও বলেন, ‘আমাদের রাষ্ট্রদূতরা অত্যন্ত গর্বের সাথে যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলছেন।’

উল্লেখ্য, মার্কিন-মধ্য এশিয়া কৌশলগত অংশীদারত্ব জোরদার এবং দ্বিপাক্ষিক কূটনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১০০টিরও বেশি মার্কিন প্রতিষ্ঠানের এক বিশাল ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়ে অক্টোবরের মাঝামাঝি উজবেকিস্তান সফরের কথা রয়েছে মার্কো রুবিওর।

উজবেকিস্তানের সমরকন্দ সফরকালে রুবিও ‘সি৫+১’ মন্ত্রীপর্যায়ের বৈঠকেও অংশ নেবেন। সেখানে কাজাখস্তান, কিরগিজিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক

Rajniti Sangbad


আরও খবর