রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠক করছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখান থেকে অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার দুপুর আড়াইটার দিকে জাসদের কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনার পর বিএনপি-যুবদলের নেতাকর্মী, স্থানীয় লোকজন এবং পুলিশের সদস্যরা কার্যালয়টি ঘিরে রেখেছে।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পরে পুলিশ অভিযান চালিয়ে ধানমন্ডি থেকে তিনজন এবং মোহাম্মদপুর থেকে একজনকে হাতবোমাসহ আটক করে। ধানমন্ডির ওই মিছিলে অংশ নেওয়া অনেকে পরে গুলিস্তানে জাসদের কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন। এর আগে ওই কার্যালয়ে শতাধিকের বেশি নেতাকর্মী জড়ো হন।
সূত্রে জানা গেছে, বিষয়টি জানাজানি হলে যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন ও পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা জাসদ কার্যালয় ঘিরে রাখেন।
পরে সেখানে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হন। বিকেল ৪টার দিকে জাসদের কার্যালয় থেকে একে একে অনেককে হাতকড়া পরিয়ে বের করে নিয়ে যেতে দেখা যায়।
জাসদ কার্যালয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের গোপন বৈঠক থেকে সাংবাদিক আবু জাফর সূর্যকে আটক করা হয়েছে। তিনি সাংবাদিক আওয়ামীপন্থী সাংবাদিক। বিগত সময়ে তিনি আওয়ামীপন্থী সাংবাদিক ইউনিয়নের একজন নেতা ছিলেন। তার বিরুদ্ধে সাংবাদিক নেতার পরিচয়ে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। আবু জাফর সূর্য শেখ হাসিনার পলায়নের পরে কয়েক মাস গা ঢাকা দিয়েছিলেন। সম্প্রতি আবারো তিনি মিডিয়াপাড়ায় সক্রিয় হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনার পক্ষে বয়ান তৈরির জন্য বিভিন্ন সময়ে তিনি স্ট্যাটাস দিয়েছেন।
একটি সূত্র জানিয়েছে, দেশের অরাজকতা তৈরির জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা জাসদ কার্যালয়ে গোপন বৈঠক করছিল। এ খবর ছড়িয়ে পড়ার পর পুলিশ দ্রুত সেখানে অভিযান চালায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন বলেন, জাসদ কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে চালিয়ে ইতোমধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করে পল্টন থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ, তথ্য বিশ্লেষণ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন: পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
