, | |

মূলপাতা দেশজুড়ে

এক পরিবারের ৬ সন্তানই ঢাকা বিশ্ববিদ্যালয়ে!


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৯ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১২ : অপরাহ্ণ

লক্ষ্মীপুরের কমলনগরের স্কুলশিক্ষক ছায়েদ উল্লাহর পরিবারের শিক্ষাসাফল্য এখন অনন্য এক দৃষ্টান্ত। একে একে তার ছয় সন্তানই পড়ার সুযোগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সর্বশেষ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ছোট ছেলে আরফাত হোসেন ‘এ’ ইউনিটে ভর্তি হওয়ার মধ্য দিয়ে পূর্ণ হয়েছে এই অর্জন।

এই পরিবারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় বড় ছেলে শামসুল আলম দিপুর মাধ্যমে। ২০০৭-০৮ শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি। পড়াশোনা শেষে ৩৫তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন এবং বর্তমানে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এরপর লোক প্রশাসন বিভাগে পড়েছেন দ্বিতীয় ছেলে শাজাহান সিরাজ আল মামুন। তিনি বর্তমানে কর্মসংস্থান ব্যাংকের সিনিয়র অফিসার। তৃতীয় ছেলে আশরাফুল ইসলাম শহীদ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত। চতুর্থ ছেলে শরীফুল ইসলাম বিজয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন।

পরিবারের একমাত্র মেয়ে জান্নাতুল ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। আর সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছেন ছোট ছেলে আরফাত।

প্রায় ৩০ বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন ছায়েদ উল্লাহ। সন্তানদের পড়াশোনার খরচ চালাতে গিয়ে একসময় পারিবারিক সম্পত্তিও বিক্রি করতে হয়েছে তাঁকে। সীমিত সামর্থ্যের মধ্যেও সন্তানদের শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন তিনি ও তাঁর স্ত্রী শামীমা বেগম।

ছয় সন্তানের এই সাফল্য শুধু একটি পরিবারের অর্জন নয়-এটি প্রমাণ করে, বড় স্বপ্ন পূরণে অর্থের চেয়ে বেশি প্রয়োজন শিক্ষার প্রতি বিশ্বাস, পরিশ্রম ও বাবা-মায়ের ত্যাগ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর