বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালত চত্বরে প্রবেশের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে থাকা দায়িত্বরত পুলিশ, আইনজীবী ও বিচারপ্রার্থী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হাতাহতের ঘটনা ঘটেনি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহসহ আদালতের বিচারকেরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আদালতের আইনজীবী আমিনুল ইসলাম জানান, ঘটনার সময় বিকট শব্দ হয়। শুরুতে ধারণা হয়েছিল ট্রান্সফরমার অথবা গাড়ির টায়ারের বিস্ফোরণ ঘটেছে। তবে ঘটনাস্থলে গিয়ে সবাই যখন বুঝতে পারে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ছিল, তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আদালতের কোর্ট পরিদর্শক তারক বিশ্বাস বলেন, ‘কীভাবে বোমাটি বিস্ফোরিত হয়েছে তা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জানা যেতে পারে।’
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, অজ্ঞাতপরিচয় একজন বোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় বিকট শব্দ হয়ে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। বর্তমানে পুরো জায়গা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘিরে রেখেছেন।’
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আল মামুন উল ইসলাম বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে।’
এ প্রসঙ্গে বিএমপি পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, ‘সিআইডি টিম ঘটনাটি তদন্ত শুরু করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে। আদালত এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
বরিশাল মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নাজিম উদ্দীন আহমেদ পান্না বলেন, অগণতান্ত্রিক শক্তি এ নাশকতার পেছনে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
