, | |

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম



রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশের সময় : ১৯ জুলাই ২০২৬, ১:৩৩ অপরাহ্ণ

অবশেষে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম। আজ রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(১) অনুযায়ী জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ মাহবুবের রহমান শামীম চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক পদে চট্টগ্রামের একাধিক বিএনপি নেতা নিয়োগপ্রত্যাশী ছিলেন। শেষ পর্যন্ত চট্টগ্রামের নেতাদের ডিঙিয়ে জেলা পরিষদের প্রশাসকের চেয়ারে বসলেন শামীম।

প্রসঙ্গত, গত ৬ মে রাজনীতি সংবাদে প্রকাশিত ‘চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও সিডিএ’র চেয়ারম্যান পদে আলোচনায় যারা’ শীর্ষক প্রতিবেদনে জেলা পরিষদের প্রশাসক হিসেবে মাহবুবের রহমান শামীম দৌড়ে এগিয়ে থাকার কথা উল্লেখ করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক পদে শামীমের নাম প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করেন। এর আগে গত এপ্রিল মাসে মাহবুবের রহমান শামীম প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর কাছে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হতে আগ্রহ প্রকাশ করেন।

গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির প্রার্থী ছিলেন মাহবুবের রহমান শামীম। কিন্তু জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবদুল হান্নান মাসউদের কাছে তিনি হেরে যান।

মাহবুবের রহমান শামীমের গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। কিন্তু তিনি রাজনীতি করছেন চট্টগ্রামে। নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে নির্বাচন করলেও তিনি চট্টগ্রাম নগরীর ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডের মাঝির ঘাট এলাকার ভোটার।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ আগস্ট অন্তর্বর্তী সরকার চট্টগ্রামসহ দেশের ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে। এরপর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: মোতাহার হোসেনকে নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন: চট্টগ্রাম সিটির মেয়র পদে বিএনপিতে আলোচনায় দুই নাম

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর