, | |

মূলপাতা চট্ট-মেট্টো

চন্দনাইশে ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী


চট্টগ্রামের চন্দনাইশে দোহাজারী পৌরসভায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশের সময় : ১৭ জুলাই ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে পড়ে গেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ উপস্থিত কয়েকজন নেতা। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দোহাজারী পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে গাড়ি থেকে নেমে মঞ্চে ওঠেন মন্ত্রী। এ সময় তার সঙ্গে অতিরিক্তসংখ্যক নেতাকর্মী ও অতিথি মঞ্চে উঠে পড়লে সেটি ধসে যায়।

এ ঘটনায় অর্থমন্ত্রীর পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক, বোয়ালখালী আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহসহ উপস্থিত নেতারা নিচে পড়ে যান। তবে সবাই নিরাপদে উঠে আসেন এবং কারও গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনার পর অর্থমন্ত্রী সেখানে থেকে পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে সাতকানিয়ার উদ্দেশ্যে রওনা দেন।

এদিকে, মন্ত্রী চলে যাওয়ার পর স্থানীয় নেতারা ত্রাণ বিতরণ শুরু করলে উপকারভোগীদের মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হয়। এ সময় ঠেলাঠেলিতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হন বলে জানা গেছে। আহতদের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, মন্ত্রী ত্রাণ বিতরণের জন্য মঞ্চে ওঠার পর অতিরিক্ত লোকজনের চাপে সেটি ভেঙে পড়ে। এতে মঞ্চে থাকা সবাই পড়ে গেলেও কেউ আহত হননি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ত্রাণ বিতরণ কার্যক্রম পুনরায় শুরু করা হয়।

আরও পড়ুন: ৪৫ বছর পর যেভাবে ধরা পড়লেন জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর