রাজনীতি সংবাদ প্রতিবেদক
প্রকাশের সময় : ১৫ জুলাই ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত এইচএসসি ও সমমানের শিক্ষার্থীরা।
আজ বুধবার বিকেল সাড়ে ৩টার পর রাজধানীর সাইন্সল্যাব মোড় থেকে সচিবালয়ের দিকে অগ্রসর হওয়া পরীক্ষার্থীদের পদযাত্রা আটকে দেওয়া হয়। এ সময় পরীক্ষার্থীরা সড়কে অবস্থান নেয়। ঘটনাস্থলে আন্দোলনকারীদের পরিচয় জানতে চাওয়াকে কেন্দ্র করে কয়েকজন সংবাদকর্মীর সঙ্গে কয়েকজন পরীক্ষার্থীর বাগবিতণ্ডা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ শুরুর আগে বেলা আড়াইটায় তারা সায়েন্স ল্যাব সড়কে অবস্থান নেয়। এতে সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সোয়া ৩টার দিকে সায়েন্স ল্যাব মোড় থেকে পরীক্ষার্থীরা পদযাত্রা শুরু করে।
পূর্বের ঘোষণা অনুযায়ী দুপুর দেড়টায় উত্তরার বিএনএস সেন্টারের সামনে জড়ো হন এইচএসসি পরীক্ষার্থীরা। পরে সড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিসহ নানান স্লোগান দিতে থাকেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, নিজের বিদ্রুপ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ক্ষমা চাইলেও তাদের দাবি পূরণ নিয়ে কোনো কথা বলেননি। পদার্থ বিজ্ঞান প্রথম পত্র ও হিসাববিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা পুনরায় নেয়ার দাবি জানান শিক্ষার্থীরা।
বন্যা পরিস্থিতির মধ্যেই গত সোমবার পরীক্ষা নেয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলায় মঙ্গলবার সকাল থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। ঢাকা বোর্ডের সামনে, রাজধানীর সায়েন্স ল্যাব, উত্তরা, ময়মনসিংহ বরিশাল, বগুড়া, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় এ কর্মসূচি পালন করা হয়। একপর্যায়ে বিকেলে সংসদ ভবন এলাকার সামনে অবস্থান নেন সংক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এরপর সন্ধ্যায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও আমার বক্তব্যে কেউ আহত হয়ে থাকলে, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি।’
আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি শিক্ষার্থীদের
