, | |

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের তাণ্ডব, ২ কোটি টাকা চাঁদা দাবি


আজ দুপুরে চট্টগ্রাম নগরীর চকবাজার এক্সেস রোডে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসীরা।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশের সময় : ১৩ জুলাই ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় একটি ইন্টারনেট সেবাদানকারী (আইএসপি) প্রতিষ্ঠানের কার্যালয়ে সশস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলাকারীরা ওই কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়ে কর্মচারীদের বেতনের জন্য রাখা নগদ ৩৫ লাখ টাকা ও ল্যাপটপ লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির দাবি, প্রায় দুই কোটি টাকা চাঁদা দাবির জেরে এ হামলা চালানো হয়েছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বাকলিয়া এক্সেস রোডে ডিজিটাল ডটনেট (ডিডিএন) কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা থেকে প্রাপ্ত তথ্যমতে, ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল হঠাৎ কার্যালয়ে ঢুকে পড়ে। মুখে মাস্ক পরা এসব সন্ত্রাসী অফিসের কম্পিউটার, কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ফোন ও বিভিন্ন মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে। হামলার সময় কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করা হয়। একপর্যায়ে কর্মচারীদের বেতন পরিশোধের জন্য অফিসে রাখা নগদ ৩৫ লাখ টাকা নিয়ে যায়।

এই হামলার পেছনে বিদেশে অবস্থানরত দুর্ধর্ষ ‘শিবির ক্যাডার’ বড় সাজ্জাদের অনুসারী ডেভিড ইমনের সহযোগীদের জড়িত থাকার ধারণা করছেন সংশ্লিষ্টরা। কারণ, সম্প্রতি ডেভিড ইমন মোবাইল ফোনে ওই ব্যবসায়ীর কাছে দুই কোটি টাকা চাঁদা চান, না দিলে ব্যবসা গুটিয়ে ফেলারও হুমকি দেওয়া হয়। তাদের কথাবার্তার অডিও রেকর্ড থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ডিডিএনের পরিচালক রিদোয়ানুল কবির বলেন, ‘হঠাৎ ১৫ থেকে ২০ জন অস্ত্রধারী আমাদের অফিসে ঢুকে তাণ্ডব চালায়। তারা অফিসে ব্যাপক ভাঙচুর করে এবং কর্মচারীদের বেতনের জন্য রাখা ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। অফিসের সব কম্পিউটার ভেঙে ফেলা হয়েছে।’

হামলার ঘটনার পর সামনে এসেছে ডিডিএনের স্বত্বাধিকারী আদিল বিন মানুনকে মোবাইল ফোনে হুমকির কল রেকর্ড। সেখানে ডেভিড ইমন নামের এক ব্যক্তি প্রতিষ্ঠানটির কাছে এককালীন দুই কোটি টাকা ও পরে প্রতি মাসে ১০ লাখ টাকা করে চাঁদা দাবি করেন। সেই দাবি প্রত্যাখ্যান করায় এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হামলার আগে ডিডিএনের স্বত্বাধিকারী আদিল বিন মানুনের মোবাইল ফোনে হুমকি দেওয়ার একটি কল রেকর্ড আজকে প্রকাশিত হয়েছে। ওই কল রেকর্ডে নিজেকে ‘ডেভিড ইমন’ পরিচয় দিয়ে এক ব্যক্তি বলেন, ‘আমি আপনাকে দুই দিনের সময় দিচ্ছি। এর মধ্যে ব্যবসা গুটিয়ে ফেলবেন। এখন আমাদের ছেলেরা ব্যবসা করবে। ব্যবসা করতে হলে আমাদের সঙ্গে সমন্বয় করে করতে হবে, না হলে ব্যবসা করবেন না। ১৭ বছর অনেক ব্যবসা করেছেন।’

 

কল রেকর্ডে ইমন আরও বলেন, ‘ইমনকে না চিনলে পুলিশ কমিশনারের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন। সাজ্জাদ গ্রুপের ডেভিড ইমন কল দিয়েছে।’

এর জবাবে আদিল বিন মানুন বলেন, ‘আপনারা কেন আমার ওপর এতো ক্ষিপ্ত? এখানে তো আরও অনেক প্রতিষ্ঠান ব্যবসা করছে।’

তখন অপর প্রান্ত থেকে ডেভিড ইমন বলেন, ‘চট্টগ্রাম শহরের সবাই আমাদের সঙ্গে সমন্বয় করে ব্যবসা করছে। ব্যবসা করতে হলে আমাদের সঙ্গে কমিটমেন্ট করে করবেন।’

ডেভিড ইমন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী শিবির ক্যাডার সাজ্জাদ ওরফে বড় সাজ্জাদ বাহিনীর সন্ত্রাসী। তার নামে অন্তত সাতটি হত্যা মামলা রয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশ হামলাকারীদের পরিচয় ও ঘটনায় কাদের সংশ্লিষ্টতা রয়েছে সে প্রসঙ্গে কিছুই জানায়নি।

এ বিষয়ে চকবাজার থানার ওসি নুর হোসেন মামুন বলেন, হামলার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

মোবাইল ফোনে হুমকির প্রসঙ্গে ওসি বলেন, ‘আমরা সবকিছু বিবেচনায় রেখে তদন্ত চালাচ্ছি।’

এ ঘটনার পর থেকে নগরের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মালিক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মো. মুসার ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকার জোড়া খুন ও একই বছরের ২৩ মে রাতে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ মোট সাতটি মামলার আসামি।

পুলিশের ভাষ্য, ইমন অস্ত্র ব্যবহারে খুবই দক্ষ। বাকলিয়ার জোড়া খুনের ঘটনায় সন্ত্রাসী ও মোটরসাইকেল ভাড়া করার দায়িত্বও তার ছিল বলে পুলিশের দাবি।

পুলিশ কর্মকর্তারা জানান, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের হয়ে বর্তমানে চট্টগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন দুজন। তাদের একজন ডেভিড ইমন। এর আগে দেশে এই দলের নেতৃত্ব দিতেন সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ।

আরও পড়ুন: চট্টগ্রামে অভিনব কায়দায় যুবদল নেতার চাঁদাবাজি ও জমি দখলের চেষ্টা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর