, | |

মূলপাতা দেশজুড়ে

বরিশালে ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়


বরিশাল নগরীর অগ্রণী হাউজিং অফিসে ঢুকে প্রতিষ্ঠানটির এমডিকে মারধর করে তার কাছ থেকে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নিচ্ছেন মোস্তাফিজুর রহমান লিটু। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদক
প্রকাশের সময় : ৫ জুলাই ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ

বরিশালে অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারের অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার ভুক্তভোগী আজিজ আদালতে নালিশি মামলা করেন।

আজ রোববার দুপুরে নগরীর সদর রোডের টপটেনের সামনে থেকে মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার ওসি আল মামুন উল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ২৭ জুন সন্ধ্যায় ব্যবসায়িক বিরোধের জেরে নগরীর সদর রোডে অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের কার্যালয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারের ওপর হামলার ঘটনা ঘটে। শনিবার রাতে ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, আব্দুল আজিজের কক্ষে চারজন যুবক প্রবেশ করেন। তাদের মধ্যে মোস্তাফিজুর রহমান লিটু নামের এক ব্যক্তি তাকে মারধর করেন। একপর্যায়ে তার অণ্ডকোষ চেপে দুটি চেক ও একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। ঘটনার সময় আজিজকে ‘বাচ্চু বাচ্চু’ বলে কাউকে ডাকতে শোনা যায়। পরে আরও একজন কক্ষে প্রবেশ করলে তাকে কিছুক্ষণ আটকে রেখে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এ সময় চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে সেটা হস্তান্তরের দৃশ্য মোবাইলে ধারণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত লিটু অগ্রণী হাউজিংয়ের কাছাকাছি কাঠপট্টি সড়কের বাসিন্দা। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তার বড় ভাই মাহবুবুর রহমান পিন্টু মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী আব্দুল আজিজ বলেন, লিটু একসময় তাদের আবাসন ব্যবসার অংশীদার ছিলেন। পরবর্তী সময়ে বিনিয়োগের বিপরীতে জমি হস্তান্তরের মাধ্যমে হিসাব নিষ্পত্তি করা হয় এবং কোনো পাওনা নেই-এমন অঙ্গীকারনামাও দেওয়া হয়। এরপরও তিনি ১ কোটি টাকা দাবি করে আসছিলেন। ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অফিসে ঢুকে তাকে মারধর করে জোরপূর্বক ৭০ লাখ টাকার একটি চেক, একটি সাদা চেক ও দুটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।

 

তিনি জানান, ঘটনার পর তিনি ব্যাংকে অভিযোগ করায় ওই চেক থেকে টাকা উত্তোলন করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ তিনিই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন বলে জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে মোস্তাফিজুর রহমান লিটু এর আগে দাবি করেন, ঘটনার সময় যারা সেখানে গিয়েছিলেন, তারা সবাই প্রতিষ্ঠানের পরিচালক। তাঁর ভাষ্য, আব্দুল আজিজ প্রতিষ্ঠানের পরিচালকদের অর্থ আত্মসাৎ করেছেন। এ বিষয়ে তারা সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।

আরও পড়ুন: সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে গুমের ঘটনায় পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর