রাজনীতি সংবাদ প্রতিবেদক
প্রকাশের সময় : ৩ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
জামায়াতে ইসলামীর প্রয়াত সাবেক নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় জড়িত এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামি ফজলুর রহমান একজন সহকারী পুলিশ সুপার (এএসপি)। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা মেট্টোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
শফিকুল ইসলাম বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে ট্রাইবুনাল এলাকা থেকে অপহরণের ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম ফজলুর রহমান। তিনি সহকারী পুলিশ সুপার পদের একজন কর্মকর্তা। তাকে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকায় তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাফাই সাক্ষ্য দিতে গিয়ে ২০১২ সালের ৫ নভেম্বর ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হন পিরোজপুরের সুখরঞ্জন বালি। পরে তাকে ভারতে খুঁজে পাওয়া যায় এবং দেশটির একটি কারাগারে তাকে পাঁচ বছর কাটাতে হয়।
এ ঘটনায় ২০২৫ সালের ২২ আগস্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ ৩২ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন সুখরঞ্জন বালি।
আরও পড়ুন: সুখরঞ্জন বালিকে যেভাবে পাঠানো হয়েছিল ভারতের কারাগারে
