, | |

মূলপাতা চট্ট-মেট্টো

সিডিএ’র নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১১ জুন, ২০২৬ ১১:৫১ : অপরাহ্ণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ৭(১) অনুযায়ী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তার এই নিয়োগের মেয়াদ হবে এক বছর।

দলীয় সূত্রে জানা গেছে, ইঞ্জিনিয়ার বেলায়েতকে সিডিএ’র চেয়ারম্যান পদে নিয়োগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সুপারিশ করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

 

প্রসঙ্গত, গত ৬ মে রাজনীতি সংবাদে প্রকাশিত ‘চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও সিডিএ’র চেয়ারম্যান পদে আলোচনায় যারা’ শীর্ষক প্রতিবেদনে সিডিএ’র চেয়ারম্যান হিসেবে তিনজনের নাম আলোচনায় থাকার কথা উল্লেখ করা হয়। তিনজনের মধ্যে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের নাম উল্লেখ করা হয়।

বর্তমানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন প্রকৌশলী মো. নুরুল করিম। ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তাকে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার।

সিডিএ’র নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের গ্রামের বাড়ি সন্দ্বীপে। তবে তিনি বসবাস করেন নগরীর গনি বেকারি এলাকায়। তিনি গত সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু তাকে বঞ্চিত করে মোস্তফা কামাল পাশাকে প্রার্থী করা হয়।

ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ছাত্রজীবনে চট্টগ্রাম মহানগরীতে রাজনীতি করেছেন। তিনি ১৯৮৪ সালে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদলের সভাপতি এবং পলিটেকনিকের নির্বাচিত জিএস ছিলেন। ১৯৮৫ সালে তিনি চট্টগ্রাম পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। এরপর ১৯৮৬ সালে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হন। পরে উত্তর জেলা বিএনপির রাজনীতিতে যুক্ত হন। বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে বিএনপির রাজপথের আন্দোলন-সংগ্রামে সবসময় সক্রিয় ছিলেন তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। জেলও কেটেছেন তিনি।

আরও পড়ুন: চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও সিডিএ’র চেয়ারম্যান পদে আলোচনায় যারা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর