, | |

মূলপাতা চট্ট-মেট্টো

ভোটের একদিন আগে স্থগিত শিপ ব্রেকার্স এসোসিয়েশনের নির্বাচন


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২ জুন, ২০২৬ ৮:১৪ : অপরাহ্ণ

নাটকীয়ভাবে ভোটের একদিন আগে স্থগিত হয়ে গেলো জাহাজভাঙা মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স এসোসিয়েশনের (বিএসবিআরএ) নির্বাচন।

আজ মঙ্গলরবার সন্ধ্যায় বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স এসোসিয়েশনের নির্বাচন বোর্ড এক নোটিশে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, নির্বাচনের ব্যালট পেপারে সভাপতি প্রার্থী রাইজিং স্টিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন চৌধুরীর নাম অন্তর্ভুক্ত না থাকায় ভোট স্থগিত করেছে নির্বাচন বোর্ড।

আগামীকাল বুধবার (৩ জুন) চট্টগ্রাম নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে শিপ ব্রেকার্স এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল।

এর আগে গতকাল সোমবার বিকেলে হাইকোর্ট নির্বাচনের সভাপতি প্রার্থী আমজাদ হোসেন চৌধুরীর রিট আবেদনের প্রেক্ষিতে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে। নির্বাচনের ব্যালট পেপারে সভাপতি প্রার্থী আমজাদ হোসেন চৌধুরীর নাম অন্তর্ভুক্ত করার আদেশ দেয় হাইকোর্ট।

জানা গেছে, শিপ ব্রেকার্স এসোসিয়েশনের নির্বাচন বোর্ড হাইকোর্টের আদেশের সত্যায়িত অনুলিপি (সার্টিফাইড কপি) পেয়েছে আজ বিকেলে।

জানতে চাইলে শিপ ব্রেকার্স এসোসিয়েশনের নির্বাচন বোর্ডের প্রধান মো. আফতাব উদ্দিন চৌধুরী রাজনীতি সংবাদকে বলেন, ‘হাইকোর্ট সোমবার নির্বাচনে সভাপতি প্রার্থী আমজাদ চৌধুরীর প্রার্থিতা বৈধতা ঘোষণা করে। আমরা আজ বিকেলে হাইকোর্টের আদেশের সার্টিফাইড কপি হাতে পেয়েছি। কিন্তু আজকের মধ্যে নির্বাচনের ব্যালট পেপারে সভাপতি প্রার্থী আমজাদ হোসেন চৌধুরীর নাম অন্তর্ভুক্ত করা সম্ভব ছিল না। তাই আমরা নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার জন্য ভোট স্থগিত করেছি। পরবর্তীতে ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হবে।’

এদিকে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, আমজাদ চৌধুরীর প্রার্থিতার বৈধতা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করতে পারে নির্বাচন বোর্ড। গত ৩০ এপ্রিল ঋণখেলাপির অভিযোগে আমজাদ চৌধুরীর প্রার্থিতা বাতিল করে শিপ ব্রেকার্স এসোসিয়েশনের নির্বাচন বোর্ড। এরপর তিনি নির্বাচন আপিল বোর্ডের কাছে আপিল করেন। গত ৬ মে আপিল বোর্ডে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এরপর গত ১০ মে নির্বাচন আপিল বোর্ডও আমজাদ চৌধুরীর প্রার্থিতা বাতিল করে দেয়।

 

গত ১০ মে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) রিপোর্টে আমজাদ চৌধুরী ঋণখেলাপি সাব্যস্ত হওয়ায় তার আপিল নামঞ্জুর হয়।

আমজাদ চৌধুরী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীর ছোট ভাই। আসলাম চৌধুরী গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিজয়ী হন।

জানা গেছে, শিপ ব্রেকার্স এসোসিয়েশনের এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন ১৮ জন। এর মধ্যে সভাপতি পদে প্রার্থী হয়েছেন দুজন। পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন ও রাইজিং স্টিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ চৌধুরী। নির্বাচনে ভোটার সংখ্যা হলো ৮৬ জন। নির্বাচনে দুই বছর মেয়াদের জন্য সভাপতি, সিনিয়র সহসভাপতি ও দুজন সহসভাপতি এবং সাতজন নির্বাহী সদস্য নির্বাচিত হবেন।

এর আগে গত বছরের ২৫ অক্টোবর শিপ ব্রেকার্স এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনে ১১টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দেন ১১ জন। এসব প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কথা ছিল। কিন্তু গত ১৫ সেপ্টেম্বর ‘স্বাধীনভাবে দায়িত্ব পালন’ করতে না পারার কারণ দেখিয়ে ইস্তফা দেয় নির্বাচন বোর্ড। ফলে আর নির্বাচন হয়নি।

এরপর গত বছরের ৩ নভেম্বর শিপ ব্রেকার্স এসোসিয়েশনের এক সভায় আমজাদ চৌধুরীকে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়। তিনি সংগঠনটির নির্বাহী কমিটির সদস্য। তাকে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এস এম আল মামুনের পরিবর্তে নিযুক্ত করা হয়।

কিন্তু গত ৫ ফেব্রুয়ারি অনিয়মের অভিযোগে শিপ ব্রেকার্স এসোসিয়েশনের কমিটি ভেঙ্গে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এরপর বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সচিব আবু সাফায়াৎ মুহম্মদ শাহে দুল ইসলামকে শিপ ব্রেকার্স এসোসিয়েশনে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, এর আগে শিপ ব্রেকার্স এসোসিয়েশনের সভাপতি ছিলেন আবু তাহের। তিনি একটানা ৯ বছর সভাপতি পদে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। তিনি চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দিদারুল আলম দিদারের বাবা ও চট্টগ্রামের সিটির সাবেক মেয়র মনজুর আলমের ভাই।

আরও পড়ুন: চিটাগাং চেম্বারের নতুন সভাপতি আমিরুল হক

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর