রাজনীতি সংবাদ প্রতিবেদক
প্রকাশের সময় : ২৬ মে ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবি ‘স্ট্যান্ডবাজি’ ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। দেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়ার জন্যও হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, শেখ হাসিনার দেশে ফেরার দাবি তার স্বভাবসুলভ বাগাড়ম্বর এবং রাজনৈতিক স্ট্যান্ডবাজি। সৎসাহস থাকলে অপরাধ স্বীকার করে শেখ হাসিনার দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত।
বর্তমান সরকারের কাজের অগ্রগতি তুলে ধরে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দায়িত্ব নেওয়ার পর প্রথম ১০০ দিনে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার যে আন্তরিকতা ও তৎপরতা দেখিয়েছে, তা প্রশংসনীয়।
সরকারের গৃহীত পদক্ষেপের কারণে এবার মানুষ স্বস্তিতে ঈদ উদযাপন করতে যাচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে আগে যে নিরাপত্তাহীনতা ছিল, এবার তা নেই। সড়কের অরাজকতা মোকাবিলায় সরকার তৎপর থাকায় এবার ঈদযাত্রায় তেমন যানজটও নেই।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আগামী নির্বাচনেই আওয়ামী লীগ অংশ নিতে পারে
