রাজনীতি সংবাদ প্রতিবেদক
প্রকাশের সময় : ২৫ মে ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।
আজ সোমবার বেসরকারি টেলিভিশন যমুনাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি লিখলেও কোনো উত্তর কেন আসেনি-এ প্রশ্নের জবাবে বিষয়ে সাবেক এই পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘উত্তর কি আশা করেছিলাম আমরা? আমি আশা করিনি। আমি মনে করি যে, আওয়ামী লীগ রাজনীতি থেকে যে একেবারে আউট হয়ে গেছে বা যাচ্ছে এরকম থাকবে না। আমাদের মানুষজনের স্মৃতিশক্তি খুব দীর্ঘ না। আমি মনে করি, তারা রাজনীতিতে ফিরে আসবে এবং আমার অনুমান আগামী নির্বাচনে অংশ নেবে।’
তৌহিদ হোসেন বলেন, ‘আমি তিনবার পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে তারা বলে যে, এটা অন্তর্বর্তী সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে।’
জুলাই গণঅভ্যুত্থানে ডিপস্টেট সক্রিয় ছিল কিনা উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে সাবেক এই পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ডিপস্টেট সমস্ত পৃথিবীতে প্রতিটা ঘটনার সঙ্গেই জড়িত থাকে। পৃথিবীতে প্রতিটি ঘটনাতেই ডিপস্টেট কোনো না কোনোভাবে জড়িত থাকে। ডিপস্টেট ইনভলভ হয় তবে স্রোতের বিপরীতে না। তারপর তারা সেটা ম্যানপুলেট করবে।’
অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেটের’ বিষয়ে তৌহিদ হোসেন বলেন, ‘কোনো একটা উপলক্ষ্যে যমুনাতে ‘কিচেন কেবিনেটের’ মিটিংয়ে আমাকে যেতে হয়েছিল। পরে জেনেছি, প্রতি মঙ্গলবার তারা বসেন। সিদ্ধান্ত নেন কেউ কেউ এ ধরনের কথা শোনা যেতো। আমার কানেও আসতো কিন্তু এর বাইরে জানা ছিল না। এ রকম একটা গ্রুপ আছে যারা নিয়মিত বসে সিদ্ধান্ত নেওয়ার জন্য।’
ভোটের মাত্র তিন দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছে সে বিষয়ে সাবেক এই উপদেষ্টা বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় সামান্যতম ইনভলভ ছিল না এটাতে। এটাতে ইনভলভ ছিল কমার্স মিনিস্ট্রি এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। কোনো কারণ হয়তো পেছনে ছিল বিধায় আমরা এটা করতে বাধ্য ছিলাম। কোনো বাধ্যবাধকতা না থাকলে এটা সই করার বিষয়টা নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়াই যথাযথ হতো।’
আরও পড়ুন: মধ্যরাতে জঙ্গল সলিমপুরে র্যাব-পুলিশের ক্যাম্পে সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর হামলা
