, | |

মূলপাতা আইন-আদালত

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন


গত ৭ এপ্রিল গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১২ এপ্রিল, ২০২৬ ২:৩৩ : অপরাহ্ণ

রাজধানীর লালবাগ থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন শুনানি শেষে এ আদেশ দেন।

জানা গেছে, শিরীন শারমিন চৌধুরী লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেও তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা ও বনানী এবং রংপুরে পৃথক আরও তিনটি মামলা রয়েছে।

গত ৭ এপ্রিল ভোরের দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ দল রাজধানীর ধানমন্ডি ৮ /এ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে শিরীন শারমিনকে আটক করে। পরে ডিবি কার্যালয়ে এনে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালতে পুলিশ রিমান্ডের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শিরীন শারমিন চৌধুরী জনসমক্ষে আর দেখা দেননি। এর আগে গুঞ্জন উঠেছিল, ৫ আগস্ট ছাত্র-জনতা সংসদ ভবনে প্রবেশের সময় তিনি ভবনটির একটি গোপন কক্ষে আশ্রয় নিয়েছিলেন। পরবর্তীতে রাত আড়াইটার দিকে সেনাবাহিনী তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয় বলে জানা যায়।

এরপর থেকে তিনি কোথায় ছিলেন তা নিয়ে নানা গুঞ্জন ছিল। তিনি দেশে আছেন, নাকি বিদেশে চলে গেছেন এ নিয়েও বিভিন্ন আলোচনা ছিল। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর অবশেষে গত ৭ এপ্রিল ভোররাতে ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন চৌধুরী স্পিকার নির্বাচিত হন এবং এরপর থেকে টানা তিনি এই দায়িত্ব পালন করে আসছিলেন। সর্বশেষ, গত ৭ জানুয়ারির নির্বাচনের পর তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন।

তিনি রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে, শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় তিনি পদত্যাগ করেন।

আরও পড়ুন: দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর