জাতীয় সংসদের শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা ও মাহমুদুল হক রুবেল। আজ বৃহস্পতিবার রাতে নিজ নিজ আসনের রিটানিং কর্মকর্তা তাদের বিজয়ী ঘোষণা করেন।
বগুড়া-৬ আসনে ১ লাখ ১ হাজার ৩৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা। তার মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ৫৭ হাজার ১৫৯টি। এছাড়াও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল-আমিন তালুকদার ফুলকপি প্রতীকে ভোট পেয়েছেন ৪৯৯টি।
এই আসনে মোট ভোটের সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। ভোট পড়েছে ৪৩ শতাংশ।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ এর পাশাপাশি ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে বগুড়া-৬ আসন তিনি ছেড়ে দেয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন। ভোট পড়েছে ৫০ দশমিক ৫২ শতাংশ।
এর আগে আজ সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: আবু সাঈদ হত্যায় দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
