, | |

মূলপাতা চট্ট-মেট্টো

বাণিজ্যিক ভবনে গার্মেন্টস কারখানা: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চসিক



রাজনীতি সংবাদ প্রতিবেদক
প্রকাশের সময় : ৬ এপ্রিল ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সিডিএ ২৩ নম্বরে বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত মাল্টিস্টোরিড কমার্শিয়াল কমপ্লেক্সে গার্মেন্টস কারখানা গড়ে তোলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গত ২ এপ্রিল চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

আজ সোমবার চসিকের উপসচিব আজিজ আহমদ রাজনীতি সংবাদকে এ তথ্য জানিয়েছেন।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৬) প্রণয় চাকমাকে। সদস্য সচিব করা হয়েছে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৪) রক্তিম চৌধুরীকে। আর সদস্য করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যাকে।

তদন্ত কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে সচিবের কাছে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ রাজনীতি সংবাদে ‘বিশ্বব্যাংকের ৪৩ কোটি টাকার বাণিজ্যিক ভবন নিয়ে চসিকের এ কেমন বাণিজ্য!’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগ্রাবাদ সিডিএ ২৩ নম্বরে চসিকের ৩২ শতক জায়গার ওপর বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত হয় তিন তলা বিশিষ্ট মাল্টিস্টোরিড কমার্শিয়াল কমপ্লেক্স (বহুতল বাণিজ্যিক ভবন)। বিশ্বব্যাংক বাংলাদেশ মিউচুয়াল ডেভেলপমেন্ট ফান্ডের (বিএমডিএফ) মাধ্যমে এই মাল্টিস্টোরিড কমার্শিয়াল কমপ্লেক্স নির্মাণের জন্য ৪৩ কোটি ১৬ লাখ টাকার অর্থ সহায়তা প্রদান করে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার আধুনিকায়ন, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং কর্পোরেশনের নিজস্ব আয় বৃদ্ধির লক্ষে বিশ্বব্যাংক এই কমার্শিয়াল কমপ্লেক্স নির্মাণ করে দেয়।

 

২০২৩ সালের ১ ডিসেম্বর এই ভবনটি সিটি কর্পোরেশন থেকে বাণিজ্যিক ব্যবহারের জন্য ভাড়া নেন ‘ফারজানা ফ্যাশন ওয়ার্ল্ড লিমিটেড’ নামে একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম। কিন্তু বাণিজ্যিক ব্যবহারের নামে ভাড়া নিয়ে তিনি সেখানে ‘দি শাহাজালাল গ্লোবাল এ্যাপারেলস লিমিটেড’ নামে একটি গার্মেন্টস কারখানা গড়ে তুলেন। কিন্তু এই গার্মেন্টস প্রতিষ্ঠানের সঙ্গে চসিকের কোনো চুক্তিই হয়নি। চসিকের সঙ্গে চুক্তি হয়েছে ফারজানা ফ্যাশন ওয়ার্ল্ড লিমিটেডের।

চুক্তিপত্রে শর্ত ছিল, ফারজানা ফ্যাশন ওয়ার্ল্ড লিমিটেড এই কমার্শিয়াল কমপ্লেক্সটি কর্পোরেশন কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অন্য কোনো তৃতীয় পক্ষের নিকট হস্তান্তর করতে পারবে না। কিন্তু কমার্শিয়াল কমপ্লেক্সটিতে আরেকটি প্রতিষ্ঠান গড়ে তুলে সিটি কর্পোরেশনের সঙ্গে চুক্তির শর্ত ভঙ্গ করেছেন মোহাম্মদ সেলিম।

আরও পড়ুন: বিশ্বব্যাংকের ৪৩ কোটি টাকার বাণিজ্যিক ভবন নিয়ে চসিকের এ কেমন বাণিজ্য!

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর