, | |

মূলপাতা জাতীয় নাগরিক পার্টি

৫ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা


৫ সিটিতে এনসিপির পাঁচ মেয়র প্রার্থী ওপরে বাম থেকে-আসিফ মাহমুদ, আরিফুল ইসলাম আদীব, তারিকুল ইসলাম, আবদুর রহমান আফজাল ও মোবাশ্বের আলী। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৯ মার্চ, ২০২৬ ১০:৩৪ : অপরাহ্ণ

ঢাকার দুটিসহ পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে চব্বিশের জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ রোববার রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব মেয়র পদে লড়বেন।

কুমিল্লা সিটি কর্পোরেশনে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনে এনসিপির সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল এবং রাজশাহী সিটিতে দলের রাজশাহী মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী মেয়র পদে লড়বেন।

আসন্ন এপ্রিলের মধ্যেই বাকি সাতটি সিটি কর্পোরেশন নির্বাচনেরও প্রার্থী ঘোষণা করা হবে বলে জানায় এনসিপি।

স্থানীয় সরকার নির্বাচন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে বলে বিএনপি সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছে। তবে শুরুতে ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। সিটি কর্পোরেশন নির্বাচনের কথা এই মুহূর্তে ভাবছে না বিএনপি। সিটি কর্পোরেশনগুলোতে দলটির নেতাদের প্রশাসক পদে বসানো হয়েছে। এই অবস্থায় সবার আগে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, সরকার এরই মধ্যে বিভিন্ন সিটিতে প্রশাসক নিয়োগ দিয়ে প্রশাসনকে দলীয়করণ করে ফেলেছে। নির্বাচনে প্রশাসকদের মধ্যে কেউ প্রার্থী হতে পারবে না। কোনো দলীয় প্রতীকে নির্বাচন করা যাবে না। আগামী ছয় মাসের মধ্যে সকল স্থানীয় সরকার নির্বাচন শেষ করার দাবি জানান এনসিপির এই আহ্বায়ক।

সংবাদ সম্মেলনে এনসিপি মনোনীত ৫ মেয়র প্রার্থী ছাড়াও অন্যদের মধ্যে দলের সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় নেতা সারজিস আলম ও আব্দুল হান্নান মাসউদসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সংবিধান সংস্কার ইস্যুতে সংসদে তুমুল উত্তেজনা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর