, | |

মূলপাতা রাজধানী

তারেক রহমানকে নির্যাতনে অভিযুক্ত ডিজিএফআইয়ের সাবেক পরিচালক গ্রেপ্তার


ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মো. আফজাল নাছের। পুরোনো ছবি
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৩০ মার্চ, ২০২৬ ১২:১৪ : অপরাহ্ণ

ওয়ান ইলেভেনের আরেক কুশীলব ডিজিএফআইয়ের সাবেক পরিচালক এবং সেনাবাহিনীর বরখাস্তকৃত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের গ্রেপ্তার হয়েছেন। ২০০৭ সালে সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে ডিজিএফআইয়ের সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে।

গতকাল রোববার দিবাগত রাত প্রায় ৩টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সূত্র জানায়, সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ওয়ান-ইলেভেনের সময় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানসহ দলের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে শারীরিক ও মানসিক নির্যাতনের মুখে পড়তে হয় এবং সেসব ঘটনার বর্ণনায় বারবার এসেছে কর্নেল আফজালের নাম। বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে হেনস্তা এবং জোরপূর্বক ভিডিও ধারণের অভিযোগ রয়েছে এই আফজালের বিরুদ্ধে। তাছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ভাইরাল হওয়া ভিডিও ধারণ করে এই আফজাল। ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালুর ওপর নির্যাতনেও জড়িত ছিলেন এই সেনা কর্মকর্তা।

 

এ ছাড়া ২০২৪ সালের এপ্রিলে খালেদা জিয়া অসুস্থ হলে ইউনাইটেড হাসপাতালের সহায়তা চাওয়া হয়েছিল। কিন্তু আফজাল চিকিৎসা দেবে না বলে সরাসরি জানিয়ে দেয়।

আফজাল নাছেরের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিরখিল এলাকায়। তিনি ১৯৮৪ সালের ৪ জুলাই সেনাবাহিনীতে যোগ দেন। তিনি ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক ছিলেন। ২০০৯ সালে তিনি সেনাবাহিনী থেকে বরখাস্ত হন।

জানা যায়, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর প্রগতি সরণির শাহজাদপুর বাঁশতলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান বাহাদুর হোসেন মনির। এ ঘটনায় একই বছরের ৩০ সেপ্টেম্বর গুলশান থানায় ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা, চেয়ারম্যান ও এমডি মঈনউদ্দিন হাসান রশিদ ও গ্রুপের কর্মকর্তা বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল আফজালের বিরুদ্ধে হত্যা মামলা হয়। মামলাটি তদন্ত করছে ডিবি পুলিশ।

এর আগে, গত সোমবার রাতে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি। পল্টন থানার একটি মামলায় তাঁকে প্রথমে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে নতুন করে রিমান্ড আবেদন করলে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরপর গত বুধবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়। মিরপুর থানার একটি হত্যা মামলায় আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে ডিবি হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

আরও পড়ুন: সংবিধান সংস্কার ইস্যুতে সংসদে তুমুল উত্তেজনা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর