সরকারের প্রধান আইন কর্মকর্তা বা অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পাচ্ছেন বিএনপিপন্থী আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হতে যাচ্ছেন।
আজ বুধবার আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। আজই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হতে পারে।
এর আগে, গত ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তিনি বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তারেক রহমানের মন্ত্রিসভায় তাকে আইনমন্ত্রী করা হয়েছে।
ওই সময় থেকে অ্যাটর্নি জেনারেলের পদটি শূন্য রয়েছে।
নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়া ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ব্যারিস্টার কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। এছাড়া তিনি কিছুদিন সাংবাদিকতাও করেছেন।
আরও পড়ুন: মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর পচা ডিম ও ময়লা পানি নিক্ষেপ
