রাজনৈতিক অঙ্গনে আরও বিস্তৃত হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঈদের পর দলটির ‘জাতীয় কৃষক শক্তি’ ও ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’ নামে দুটি সহযোগী সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এনসিপির একজন শীর্ষ নেতা জানিয়েছেন, ইতোমধ্যে দলীয় ফোরামে এ দুই সংগঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কৃষিখাতের সঙ্গে সংশ্লিষ্ট মানুষ এবং সামাজিক ও মানবিক কার্যক্রমে যুক্ত স্বেচ্ছাসেবীদের সংগঠিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে দলটি বিভিন্ন পেশাভিত্তিক মানুষের অংশগ্রহণ আরও বাড়াতে চায়।
এনসিপির নেতারা বলছেন, দেশের বৃহৎ একটি জনগোষ্ঠী কৃষির সঙ্গে সম্পৃক্ত হলেও রাজনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ তুলনামূলক কম। কৃষক শক্তি গঠনের মাধ্যমে এই খাতের মানুষের দাবি-দাওয়া তুলে ধরে তাদের সরাসরি সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। একইভাবে স্বেচ্ছাসেবক শক্তি সামাজিক কার্যক্রম, দুর্যোগ মোকাবিলা ও জনসেবামূলক উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখবে।
এর আগে এনসিপি ছাত্রশক্তি, যুবশক্তি, শ্রমশক্তি ও নারীশক্তি নামে চারটি সহযোগী সংগঠন গঠন করে। নতুন দুটি সংগঠন যুক্ত হলে দলটির সাংগঠনিক কাঠামো আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা।
দলীয় সূত্র জানায়, নতুন সংগঠন দুটির বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। দলের শীর্ষ নেতারা সাংগঠনিক বিস্তার নিয়ে কাজ শুরুর নির্দেশ দিয়েছেন। ঈদের পরই কেন্দ্রীয়ভাবে উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
সহযোগী সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় শ্রমিক শক্তি এবং অঙ্গসংগঠন হিসেবে জাতীয় যুবশক্তি ও জাতীয় নারীশক্তির কার্যক্রম শুরু করেছে দলটি।
জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির সমন্বয়কদের মধ্যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজিব ভুঁইয়াসহ আরও অনেকেই গণতান্ত্রিক ছাত্রশক্তি নামের একটি ছাত্রসংগঠনে যুক্ত ছিলেন। অভ্যুত্থানের পর তারাই এ সংগঠনের কার্যক্রম স্থগিত করে দেন। এরপর গত বছরের ফেব্রুয়ারিতে সমন্বয়কদের (ছাত্রশক্তির সাবেক) একটি অংশের উদ্যোগে ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যাত্রা শুরু হয়।
২০২৫ সালের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তাদের ভরাডুবির পর সংগঠনটিকে পুনর্গঠন করে ঢেলে সাজানোর আলোচনা শুরু হয়। একই বছরের ২৩ অক্টোবর সংগঠনটির নাম পাল্টে এনসিপির সহযোগী সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তির নামে সামনে আসে। সংগঠনটির সভাপতি করা হয় জাহিদ আহসানকে, সাধারণ সম্পাদক করা হয় আবু বাকের মজুমদারকে। বর্তমানে এ সংগঠনের ১২২ সদস্যের কেন্দ্রীয় কমিটি রয়েছে। কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে শাখা কমিটিও গঠন করেছে সংগঠনটি।
যুবকদের মধ্যে কাজ করতে গত বছরের ১৬ মে গড়ে তোলা হয় জাতীয় যুবশক্তি। এই সংগঠনের আহ্বায়ক তারিকুল ইসলাম, সদস্য সচিব জাহেদুল ইসলাম। যুবশক্তির কেন্দ্রীয় কমিটি ১৩৪ সদস্যের।
গত বছরের ১৭ অক্টোবর শ্রমিক শক্তির আত্মপ্রকাশ হয়। বর্তমানে এ সংগঠনের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি আছে। সংগঠনটির আহ্বায়কের দায়িত্বে মাজহারুল ইসলাম ফকির ও সদস্য সচিব ঋআজ মোর্শেদ।
এরপর সবশেষ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে নারীশক্তির। প্রাথমিকভাবে সংগঠনটির তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মনিরা শারমিনকে আহ্বায়ক, মাহমুদা আলম মিতুকে সদস্য সচিব ও নুসরাত তাবাসসুমকে মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও পেশাজীবীদের নিয়ে এনসিপির আরও কিছু সংগঠন রয়েছে। যেমন, ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স। এনসিপি-সমর্থিত চিকিৎসকদের জন্য আছে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ইউনিভার্সিটি টিচার্স ফোরাম, আইনজীবীদের জন্য ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিল, ট্যাক্স ল’ইয়ার্স অ্যালায়েন্স, ওলামাদের জন্য ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স, প্রকৌশলীদের জন্য প্রকৌশল উইং ও ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য আছে ডিপ্লোমা প্রকৌশল উইং, বিদেশে বসবাসরত প্রবাসীদের জন্য আছে ডায়াস্পারো অ্যালায়েন্স।
আরও পড়ুন: ভিজিট ভিসায় আমেরিকায় গিয়ে যা করা যাবে না
