, | |

মূলপাতা দেশজুড়ে

কোদাল দিয়ে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৬ মার্চ, ২০২৬ ১:০৪ : অপরাহ্ণ

১৯৭৭ সালে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর-সাহাপাড়া খাল খনন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ ৪৯ বছর পর সেই বলরামপুর-সাহাপাড়া খাল পুনঃখনন কাজের সূচনা করলেন তারই ছেলে তারেক রহমান। বাবার মতোই নিজে কোদাল দিয়ে কেটে আজ সোমবার বেলা সাড়ে ১২টায় এ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

পোলো শার্ট, জিন্স, কেডস পরিহিত তারেক রহমানের মাথায় ছিল লাল-সবুজের ক্যাপ, যাতে লেখা ‘সবার আগে বাংলাদেশ’। এর মধ্য দিয়ে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের-সাহাপাড়াসহ সারাদেশে ৫৪ জেলার খাল খনন-পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করলেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে আকাশপথে সৈয়দপুর আসেন। সেখান থেকে সড়কপথে বলরামপুরে এ অনুষ্ঠান স্থলে আসেন। তার গাড়িরবহর আসার পথে সড়কের দুইধারে নেতাকর্মীরা দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত, সাহাপাড়া খালটির দৈর্ঘ্য ১২ দশমিক ২ কিলোমিটার। এই খালটির সঙ্গে পুনর্ভবা নদীর সংযোগ রয়েছে।

এ খাল পুনঃখননের বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রী দিনাজপুর-৬ আসনের সাংসদ এ জেড এম জাহিদ হোসেন বলেন, এই খালটি পুরোটা কমপ্লিট করা গেলে এই অঞ্চলের প্রায় ৩১ হাজার কৃষক সরাসরি বেনিফিট হবে এবং সাড়ে তিন লাখ মানুষ উপকৃত হবে। শুধু তাই নয়, সাহাপাড়া খাল খনন হলে এই এলাকার জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে এবং ফসল উৎপাদন বাড়বে।

খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, পানিসস্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুরের সাংসদ মনজুরুল ইসলাম প্রমুখ।

পানিসম্পদ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির আলোকে নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল, নদী, নাল, জলাধার খনন করা হবে।

জিয়াউর রহমানের সময় এ কর্মসূচির প্রথম পর্যায়ে ৬৭৫.১৮ মাইল দীর্ঘ ১৯৩টি খাল খনন ও পুনঃখনন করা হয়।

১৯৭৬ সালের ১ নভেম্বর যশোরের শার্শা উপজেলার উলশী এলাকায় ‘বেতনা নদী’ পুনর্খনন কাজ যখন উদ্বোধন করেন জিয়াউর রহমান, তখন তিনি সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক।

‘জিয়া কেন জনপ্রিয়’ শীর্ষক একটি সংকলন গ্রন্থে এ কে এম সালেক তার প্রবন্ধে লিখেছেন, জিয়াউর রহমানের এই কার্যক্রম শুরুর আগে দেশে ১০ শতাংশ জমিতে শুকনো মৌসুমে পানি সরবরাহ সম্ভব ছিল। খাল খনন কর্মসূচির পর অন্তত ৫২ লাখ একর জমিতে সেচের সুবিধা বৃদ্ধি পায়। এছাড়া মাছ উৎপাদন, পানি নিষ্কাশন ও নৌ চলাচলে সহায়ক হয় ওই প্রকল্প। বৃদ্ধি পায় খাদ্য উৎপাদন।

 

এখন নতুন করে খাল খনন কর্মসূচির বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয় বলছে, এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে। ভূ-উপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধির ফলে ভূ-গর্ভস্থ পানির চাহিদা হ্রাস করাও এই খনন কার্যক্রমের লক্ষ্য।

সরকার আশা করছে, এই কার্যক্রমের ফলে খরা প্রবণতা কমবে, অনদিকে বন্যা ও জলাবদ্ধতাও হ্রাস পাবে।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, পানিসম্পদ, স্থানীয় সরকার, কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আর্থিক সমন্বয়ে ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি বাস্তবায়িত হবে।

প্রতি কিলোমিটার খনন, পুনঃখননে পানিসম্পদ মন্ত্রণালয়ের অন্তত ২০ লাখ টাকা ব্যয় হবে বলে প্রতিমন্ত্রী জানিয়েছেন।

স্বাধীনতার আগে বাংলাদেশে নৌপথের দৈর্ঘ্য ছিল প্রায় ২৪ হাজার কিলোমিটার। পলি ও বালিতে ভরাট হয়ে বর্তমানে নৌপথ কমে হয়েছে চার হাজার কিলোমিটার।

বাংলাদেশ নদী রক্ষা কমিশনের ২০২২ সালের বার্ষিক প্রতিবেদনে বিআইডব্লিউটিএ-এর তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে, দেশে বর্ষা মৌসুমে যেখানে নৌপথ থাকে প্রায় ৬ হাজার কিলোমিটার, শুষ্ক মৌসুমে নৌপথ এসে দাঁড়ায় মাত্র ৪ হাজার ৩৪৭ কিলোমিটারে।

আরও পড়ুন: ২ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ উর রহমান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর