ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের এমপি মো. নূরুল ইসলাম মণি। এছাড়া, আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপগণ সংসদীয় কার্যপদ্ধতি বিধি অনুযায়ী স্পিকারকে সহায়তা এবং সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
নিয়োগ পাওয়া ছয় হুইপ হলেন-হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান।
নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা আগামীকাল মঙ্গলবার শপথ নিতে পারেন।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্যদের শপথের দিনই বিরোধী দলের নেতা ও উপনেতা নির্বাচনের পাশাপাশি বিরোধী দলের চিফ হুইপ নির্বাচন হয়। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শরিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধী দলের চিফ হুইপ করা হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জয়ী হয়েছে ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি ও বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসনে বিজয়ী হয়েছে।
এ ছাড়া ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস-এই পাঁচটি দল একটি করে আসনে জয়ী হয়েছে। এ ছাড়া সাতটি আসনে জয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী।
আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানে পুলিশ নিহতের ঘটনা তদন্তের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
